মোরেলগঞ্জ প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে স্লুইস গেট নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে শত শত কৃষক ও সাধারণ মানুষ অংশ নেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার তেলিগাতী ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শত শত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, ‘বৃষ্টির পানি জমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে জমিতে সময়মতো ফসল ফলানো সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে বীজ নষ্ট হয়ে যায়। কখনো আবার অনেক জমি অনাবাদি পড়ে থাকে। এতে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়েন ‘
মো. জাহাঙ্গীর হাওলাদার নামে এক কৃষক বলেন, ‘আমাদের একমাত্র ভরসা এ জমি। কিন্তু পানি না নামায় বছরের পর বছর ঠিকমতো চাষ করতে পারি না। সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে।’
স্থানীয় ইউপি সদস্য মো. খলিল হাওলাদার বলেন, ‘জলাবদ্ধতার কারণে নানা সমস্যায় পড়তে হয় আমাদের। এ অবস্থা থেকে পরিত্রাণ চাই।’











































