পিরোজপুর প্রতিনিধি।।
জ্বালানি তেলের ওপর অতিরিক্ত চাপ ও অস্বাভাবিক মজুদ কমাতে পিরোজপুরে ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বলেশ্বর ফিলিং স্টেশনে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।
অনুষ্ঠানে স্মার্ট ফুয়েল অ্যাপের কার্যক্রম তুলে ধরেন ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপের উদ্ভাবক ওবায়দুল হক রাসেল। তিনি জানান, ফিলিং স্টেশনে আসা মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে অ্যাপে সংরক্ষণ করা হবে।
কোনো বাইকার একবার ৫০০ টাকার পেট্রল বা অকটেন নিলে পরবর্তী ৯৬ ঘণ্টা বা চার দিনের মধ্যে জেলার নির্ধারিত পাঁচটি ফিলিং স্টেশন কিংবা অ্যাপ-সংযুক্ত অন্য কোনো স্টেশন থেকে পুনরায় জ্বালানি নিতে পারবেন না।
রাসেল বলেন, ’এই ব্যবস্থার মাধ্যমে একই যানবাহনের বারবার জ্বালানি নেওয়া বন্ধ করা সম্ভব হবে। ফলে কৃত্রিম সংকট ও অতিরিক্ত ভিড় কমবে।’ পর্যায়ক্রমে জেলার সব ফিলিং স্টেশনে অ্যাপটি চালু করা হবে বলেও জানান তিনি।
আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে স্টেশনগুলোতে ভিড় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন এই উদ্ভাবক।
রাসেল জানান, ’স্মার্ট ফুয়েল অ্যাপটি বর্তমানে ঝিনাইদহ জেলায় পাইলট প্রকল্প হিসেবে চালু রয়েছে। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের আমন্ত্রণে পিরোজপুরে এটি চালু করা হয়েছে, যাতে স্থানীয় মানুষের ভোগান্তি কমানো যায়।’
সংশ্লিষ্টরা আশা করছেন, ’প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং বিআরটিএর সহকারী পরিচালক ও সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার মোবারক হোসেন উপস্থিত ছিলেন।











































