Home জাতীয় থানা থেকে লুটের অস্ত্র ৫০ হাজারে বিক্রি, গ্রেপ্তার ১

থানা থেকে লুটের অস্ত্র ৫০ হাজারে বিক্রি, গ্রেপ্তার ১

5


খুলনাঞ্চল রিপোর্ট।।

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা থেকে জুলাই আন্দোলনের সময় লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ| এ ঘটনায় জড়িত মিনহাজ উদ্দিন রাহিম (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে| চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি) পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান|

সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার ভোরে খুলশী থানার মতিঝরনা এলাকার ৩ নম্বর গলির কাছে অভিযান চালিয়ে মিনহাজ উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ| জিজ্ঞাসাবাদে তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় তাঁর সহযোগী আমির হোসেনকে সঙ্গে নিয়ে ডবলমুরিং থানা থেকে একটি বিদেশি পিস্তল লুট করেন| পরে পিস্তলটি ৫০ হাজার টাকায় আমির হোসেনের কাছে বিক্রি করেন তিনি| মিনহাজের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলশী থানার লালখান বাজার এলাকায় আমির হোসেনের বাসায় অভিযান চালানো হয়| তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যান আমির| পরে তাঁর বাসা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়|

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রটি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া সরকারি পিস্তল| এদিকে পলাতক আমির হোসেনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ২০১২ সালের একটি হত্যা মামলা রয়েছে| এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে খুলশী থানায় নতুন করে আরেকটি মামলা হয়েছে|