Home আঞ্চলিক কুষ্টিয়ায় শামীম হত্যার বিচার দাবিতে ভক্তদের বিক্ষোভ

কুষ্টিয়ায় শামীম হত্যার বিচার দাবিতে ভক্তদের বিক্ষোভ

3

কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপ নগর এলাকায় দরবারে হামলা ও দরবার প্রধান আবদুর রহমান ওরফে শামীম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তার ভক্ত ও এলাকাবাসী।

গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে দৌলতপুরের দরবারের সামনের সড়কে আয়োজিত এই কর্মসূচি থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

নিহতের ভক্ত ও স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের পর থেকে তার ভক্তদের মাঝে শোক ও ক্ষোভ বিরাজ করছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা শামীমের ছবি হাতে নিয়ে হত্যাকাণ্ডটিকে ‘পূর্বপরিকল্পিত’ উল্লেখ করেন।

মানববন্ধন শেষে দরবার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দারোগার মোড় ও ইসলামপুর জিরো পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আস্তানার সামনে গিয়ে শেষ হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ’বিকেলে শামীমের ভক্ত ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।’

এর আগে গত সোমবার (১৩ এপ্রিল) রাতে নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও খেলাফত মজলিসের উপজেলা সভাপতিসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের সময় নিহতের অপর দুই ভাই গোলাম রহমান ও হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

একটি পুরাতন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর এলাকায় দরবারে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও দরবার প্রধান আব্দুর রহমান শামীমকে পিটিয়ে হত্যা করে উত্তেজিত জনতা।

এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন কঠোর নজরদারি করছে। ঘটনার পর থেকে আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।