ঢাকা অফিস।।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির দ্বিতল একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে।
এতে বাসটির চালকসহ অন্তত ৫ থেকে ৬ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এটি বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা রুটে চলাচল করতো।
বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে এক্সপ্রেসওয়ে থেকে বিএফডিসি সংলগ্ন সড়কে বাসটি নামার সময় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ম্যানেজার কামরুল ইসলাম বলেন, ’বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিচের দিকে নামার সময় হঠাৎ একটি টায়ার পাংচার হয়ে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি প্রাইভেট কারকে সজোরে ধাক্কা দেয়।’
তিনি আরো বলেন, ’আল্লাহর রহমতে আমাদের কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়নি। তিন-চারজন শিক্ষার্থী সামান্য আঘাত লেগেছে বা ছিলে গেছে। তবে যে প্রাইভেট কারটিকে বাসটি ধাক্কা দিয়েছে, সেটির চালক বেশ গুরুতর আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।’
দুর্ঘটনার পর বাসের যাত্রীদের পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, ’শিক্ষার্থীরা বাস থেকে নেমে প্রাথমিক চিকিৎসা নিয়ে যার যার গন্তব্যে চলে গেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিআরটিসি কর্তৃপক্ষ সম্মিলিতভাবে পুরো বিষয়টি তদারকি করছে।’
শিক্ষার্থীদের যাতায়াত যেন ব্যাহত না হয়, সেজন্য বিআরটিসি কর্তৃপক্ষ দুর্ঘটনা কবলিত বাসটির পরিবর্তে ওই রুটে বিকল্প আরেকটি বাসের ব্যবস্থা করবে বলেও জানান তিনি।
এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান গণমাধ্যমকে বলেছেন, ’ঢাবির শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির একটি দোতলা বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসছিল। এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটির গতি তুলনামূলক বেশি ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটির সামনে থাকা একাধিক গাড়িতে ধাক্কা লাগে। এ ধাক্কায় একাধিক ব্যক্তিগত গাড়ি, একটি মাইক্রোবাস ও একটি সিএনজিচালিত অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়।’











































