বিনোদন ডেস্ক।।
গানের মঞ্চ পেরিয়ে এবার অভিনয়ের জগতে পা রাখলেন শেখ সাদী। ‘ললনা’ গান দিয়ে তরুণদের হৃদয়ে জায়গা করা এই গায়ক নতুন নাটক ‘শহরের নতুন অতিথি’-তে দর্শকদের সামনে আসবেন। এতে তার সহশিল্পী হয়েছেন ঘনিষ্ঠ বন্ধু সামিরা খান মাহি। সাদী জানান, আগে নানা সময়ে অভিনয়ের প্রস্তাব পেয়েও প্রস্তুতির অভাবে সরে দাঁড়িয়েছিলেন। পরে সংগীতে মনোযোগ দিয়ে নিজের অবস্থান তৈরি করেন। বিশেষ করে ‘ললনা’ গানটি ইউটিউবে ১৬৮ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে, যা তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে।
নাটকের গল্প ও সহশিল্পী মাহির কারণে কাজটি করতে আগ্রহী হয়েছিলেন তিনি। শুটিং হয়েছে ঢাকার উত্তরা ও সাভারের গোলাপ গ্রামে। যদিও শেখ সাদীর নিয়মিত অভিনয়ের ইচ্ছা নেই। তিনি বলেন, ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করবো।
আমার লক্ষ্য- বড় পর্দা, তাই কয়েকটি কাজের মাধ্যমে নিজেকে প্রস্তুত করে সিনেমায় অভিনয় করতে চাই। নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী এবং এটি ৮ই এপ্রিল ‘বিগ সিটি ড্রামা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এখন দেখার বিষয়, গানের মতো অভিনয়েও কতোটা দর্শকপ্রিয়তা পান শেখ সাদী।








































