Home আঞ্চলিক ফুটপাত দখলে ভোগান্তি, সমাধানে মাঠে প্রশাসক

ফুটপাত দখলে ভোগান্তি, সমাধানে মাঠে প্রশাসক

33

স্টাফ রিপোর্টার।।

খুলনা নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি পুরো নগরী চষে বেড়িয়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছেন।

নগরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত ড্রেন পরিস্কার এবং ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি এবার তিনি বিশেষভাবে নজর দিয়েছেন সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার দিকে।

দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত ব্যবসায়ীদের দখলে থাকায় জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। পথচারীদের ফুটপাত ছেড়ে সড়কে নেমে চলাচল করতে হচ্ছে, ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও।

এরই প্রেক্ষিতে রবিবার (৫ এপ্রিল) নগরীর হার্ডমেটাল গ্যালারীর সামনে পরিদর্শনে গিয়ে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সড়ক ও ফুটপাতের ওপর রাখা মালামালের কারণে সৃষ্ট প্রতিবন্ধকতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় তিনি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দ্রুত সময়ের মধ্যে দখল করে রাখা মালামাল সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানান।

তিনি বলেন, ’নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করা সিটি কর্পোরেশনের দায়িত্ব। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সড়ক ও ফুটপাত দখল করে রাখলে তা জনদুর্ভোগ বাড়ায় এবং নগরের সৌন্দর্য নষ্ট করে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।’

কেসিসি প্রশাসক আরও সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যদি মালামাল সরিয়ে নেওয়া না হয়, তাহলে জনস্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে প্রশাসকের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল। তারা মনে করছেন, ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালিত হলে খুলনা নগরী আবারও শৃঙ্খলাবদ্ধ ও বাসযোগ্য হয়ে উঠবে।