স্টাফ রিপোর্টার।।
ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং পারস্য উপসাগরে যুদ্ধের ডামাডোলে বিশ্বজুড়ে জ্বালানি বাজার চরম অস্থির হয়ে পড়েছে। সরাসরি সংঘাত থেকে হাজার মাইল দূরে অবস্থিত হলেও এর তীব্র অর্থনৈতিক ধাক্কা ও ‘ভূ-রাজনৈতিক কম্পনের’ সম্মুখীন বাংলাদেশ। বিশেষ করে কৌশলগত ‘হরমুজ প্রণালী’র ওপর আমদানিকৃত জ্বালানির অতি-নির্ভরশীলতা দেশের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় অর্থনীতিকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে।
গত শনিবার (৪ এপ্রিল) খুলনায় ‘প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম (ফেড)’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ভয়াবহ চিত্র তুলে ধরা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের আহ্বায়ক অধ্যাপক আনোয়ারুল কাদীর, সদস্য সচিব হুমায়ুন কবীর ববি, লেখক ও গবেষক গৌরাঙ্গ নন্দী এবং সাংবাদিক মোস্তফা জামাল পপলুসহ কমিটির বিশিষ্ট সদস্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ’বাংলাদেশের এলএনজি আমদানির ৬৮ থেকে ৭৫ শতাংশ এবং আমদানিকৃত ৮০ শতাংশ অপরিশোধিত তেল এই হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল। যুদ্ধের কারণে কাতার, ওমান ও আরব আমিরাত থেকে সরবরাহ ব্যাহত হওয়ায় এবং ‘ফোর্স ম্যাজিউর’ (অনিবার্য পরিস্থিতি) ঘোষণার আশঙ্কায় বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।’
বক্তারা জানান, ২০২৬ সালের মার্চ নাগাদ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯.৩৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা ক্রমবর্ধমান জ্বালানি আমদানির খরচ মেটাতে হিমশিম খাচ্ছে। খাদ্য ও জ্বালানির উচ্চমূল্যের কারণে ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি ৯.১৩ শতাংশে পৌঁছেছে। বছরের প্রথম দুই মাসেই জ্বালানি আমদানিতে ১.৫৯ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে, যা টাকার অবমূল্যায়নকে ত্বরান্বিত করছে।
জ্বালানি সংকটের ফলে অর্থনীতির প্রধান চালিকাশক্তিগুলো আজ বিপর্যস্ত। বর্তমানে গ্যাস ও তেলের অভাবে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় ৫০ শতাংশ অব্যবহৃত পড়ে আছে। যেখানে ফার্নেস অয়েলে প্রতি ইউনিট বিদ্যুতের খরচ ১৮.৪১ টাকা, সেখানে সৌরবিদ্যুতের খরচ মাত্র ৯.০৯ টাকা। শিল্প ও পোশাক খাতেও এর প্রভাব ভয়াবহ; জ্বালানি সংকটে শিল্পাঞ্চলের উৎপাদন সক্ষমতা ৪০ শতাংশ হ্রাস পেয়েছে, যা লক্ষ লক্ষ শ্রমিকের জীবিকাকে হুমকির মুখে ফেলেছে।
কৃষি খাতেও বোরো মৌসুমে ১২.২ লক্ষ ডিজেলচালিত সেচ পাম্প চালাতে গিয়ে সরকারকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হচ্ছে। বক্তাদের মতে, সৌর সেচ ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালু করলে বছরে অন্তত ১০,৯১৪ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব।
সংকট সমাধানে বক্তারা প্রতিবেশী দেশগুলোর দৃষ্টান্ত টেনে বলেন, ২০২২ সালের সংকটের পর পাকিস্তান সৌর সরঞ্জামের ওপর শুল্ক প্রত্যাহার করে তাদের সৌর সক্ষমতা ৫১ হাজার মেগাওয়াটে নিয়ে গেছে, যা তাদের জ্বালানি আমদানিতে ১২ বিলিয়ন ডলার সাশ্রয় করেছে। বাংলাদেশও তার ৪ কোটির বেশি পরিবারের ছাদের ৪১ শতাংশ ব্যবহার করে ১৬,৩৬১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। সংকট উত্তরণে ফেড-এর পক্ষ থেকে ১৩টি সুনির্দিষ্ট সুপারিশ পেশ করা হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো—জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রীর মাধ্যমে জাতীয় ঐকমত্য তৈরি, জীবাশ্ম জ্বালানির ঋণচক্র ত্যাগ করে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেওয়া, এবং সৌর সরঞ্জামের ওপর থেকে সকল প্রকার শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করা।
সুপারিশমালায় আরও বলা হয়, ’প্রতিটি বাড়িতে সৌর প্যানেল স্থাপনে ভর্তুকি প্রদান, দ্রুত সৌর পার্কের অনুমোদন, এবং কৃষি ও পরিবহন খাতে সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি করা জরুরি। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ২০২৬ সালের মধ্যে অন্তত ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং দক্ষ বিদ্যুৎকেন্দ্রগুলো পুরোদমে চালুর দাবি জানানো হয়। ’
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ’২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এলএনজি আমদানিকারক হতে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে আত্মঘাতী হতে পারে। এখনই নবায়নযোগ্য শক্তির বিকেন্দ্রীকরণ না করলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জ্বালানি সার্বভৌমত্ব রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে।’











































