Home জাতীয় ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষার্থীর মৃত্যু

২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষার্থীর মৃত্যু

12

স্টাফ রিপোর্টার।।

দেশের উচ্চশিক্ষালয়গুলোতে গত ২৩ দিনে এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ১০ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তত ১৯ জন শিক্ষার্থীর ‘অস্বাভাবিক’ মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন মেডিকেল শিক্ষার্থী এবং বাকিরা বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। সর্বশেষ এক বিষয়ে পাঁচবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে না পেরে আত্মহত্যা করেছেন খুলনার মেয়ে অর্পিতা নওশিন নামে এক মেডিকেল শিক্ষার্থী। অভিযোগ উঠেছে শিক্ষকের রোষানলে পড়ে তিনি পর্যাপ্ত নাম্বার পাননি।

গত শুক্রবার (৩ এপ্রিল) রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজে এ ঘটনা ঘটেছে।

সহপাঠীরা জানান, নওশিন মানসিক যন্ত্রণায় ১০৯ পিস এভেন্ডার ৪০ মিলিগ্রাম ওষুধ সেবন করেছিলেন। অর্পিতা নওশিন কুমিল্লার বেসরকারি সেন্ট্রাল মেডিকেল কলেজের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি খুলনা সদরে। এক ভাই-এক বোনের মধ্যে অর্পিতা ছোট। খুলনার সরকারি করোনেশন গার্লস হাই স্কুল থেকে এসএসসি ও খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কেসিসি উইমেন কলেজ থেকে এইচএসসি দিয়েছিলেন নওশিন। এরপর সাদা এপ্রোনের মায়ায় পড়ে ভর্তি হয়েছিলেন বেসরকারি প্রতিষ্ঠানটিতে। কিন্তু চিকিৎসক না হয়েই বাড়ি ফিরছে নওশিনের নিথর দেহ।

নওশিনের বন্ধুরা জানান, প্রথম প্রফেশনাল পরীক্ষায় সব বিষয়ে উত্তীর্ণ হলেও এনাটমি বিষয়ে অকৃতকার্য হন নওশিন। এরপর গত তিন বছরে আরও ৪ বার এনাটমির পরীক্ষা দিয়েছেন তিনি। কিন্তু প্রত্যেকবারই পরীক্ষায় তাকে ফেল দেখানো হয়েছে।

তারা বলছেন, গত ৮ মার্চ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় তাদের ব্যাচের তৃতীয় প্রফের ফল প্রকাশ করে। ২০২১-২২ সেশনের সবাই এখন পঞ্চমবর্ষে পড়ছেন। কিন্তু অর্পিতা নওশিনের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ বিপরীত। তিনি এখনো প্রথম প্রুফ পরীক্ষাই উত্তীর্ণ হতে পারেননি।

অর্পিতা শারমিনের ভাই শাহরিয়ার আরমান বলেন, ’আমার বোনের এরকম কোনো মানসিকতা নাই যে সে আত্মহত্যা করবে। মূলত কলেজের মানসিক চাপ থেকে এটা করেছে। নওশিন বারবার এনাটমি বিভাগের মনিরা ম্যাডামের কথা বলত। একদম ফার্স্ট ইয়ার থেকে আমার বোনকে মানসিক নিপীড়ন করেছেন তিনি। সবাইকে পাশ করে দেন, আমার বোন প্রত্যেকটা সাবজেক্ট পাশ করে, কিন্তু ওই একটা সাবজেক্টে আটকে রাখে। আমি বলেছি যে আমার বোনের সমস্যা কোথায় বলেন, তাও বলবে না। প্রেসার দিতে দিতে আমার বোনকে মেন্টালি নিপীড়ন যারা করেছে, তারাই এই মার্ডার করেছে।’

শাহরিয়ার আরমান বলেন, গতকালও ওর সঙ্গে আমি কথা বলেছি। ফর্ম ফিলআপের জন্য টাকা নিয়েছে। আমাকে বলল- ‘ভাই, আমি তো বাড়িতে বলতে পারছি না, আব্বুর ভয়ে, এখন তুই একটু ম্যানেজ কর। আমি বললাম, ঠিক আছে, তুই তোর বন্ধুর সঙ্গে ফর্ম ফিলআপটা কর, আমি টাকা পাঠাচ্ছি।’ আর আজকে এরকম খবর পাব কোনোদিন কল্পনা করিনি।

এ বিষয়ে সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুল হক লিটন ও এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মনিরা জহিরের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তারা রিসিভ করেননি।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ’সেন্ট্রাল মেডিকেল কলেজের ছাত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

পরিসংখ্যান অনুযায়ী, এই ১৯ জনের মধ্যে ছয় জন আত্মহত্যা করেছেন, নয়জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এবং চারজন অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে গত শুক্রবার (৩ এপ্রিল) একদিনেই। সড়ক ও নৌ-দুর্ঘটনার কেড়ে নেওয়া প্রাণ: সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘটে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ‘সৌহার্দ্য পরিবহন’ নামক একটি বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায়। এই দুর্ঘটনায় অন্তত ২৬ জন নিহত হন, যার মধ্যে ৪ জনই ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

তারা হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের আহনাফ তাহমিদ খান রাইয়ান, রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) জোহরা অন্তি, তার স্বামী বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) সাইফ আহমেদ এবং বিএইচপিআই-এর ফিজিওথেরাপি বিভাগের আয়েশা আক্তার সোমা।

এছাড়া, গত ১০ মার্চ রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী আনিসা শারমিলা নাফিসা। ২২ মার্চ গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান ইমন। ৩০ মার্চ খুলনা মহানগরীর জেলা পরিষদ ভবনের সামনে প্রাইভেটকারের ধাক্কায় নিহত হন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার।

উদ্বেগজনক হারে বাড়ছে আত্মহত্যা; শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও পারিপার্শ্বিক চাপ নিয়ে বড় শঙ্কা তৈরি করেছে সাম্প্রতিক কয়েকটি আত্মহত্যার ঘটনা। কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজের শিক্ষার্থী অর্পিতা নওশিন এক বিষয়ে পাঁচবার অকৃতকার্য হয়ে অভিমানে ১০৯টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন। সহপাঠীদের অভিযোগ, এনাটমি বিভাগের এক শিক্ষকের ব্যক্তিগত রোষানলের শিকার ছিলেন তিনি।

গত ২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সীমান্ত বিষাক্ত দ্রব্য পানে আত্মহত্যা করেন। তার পরের দিন ৩ এপ্রিল উত্তরার বাসা থেকে উদ্ধার করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের মরদেহ। সহপাঠীদের মতে ‘ তিনি দীর্ঘদিন হতাশায় ভুগছিলেন। এছাড়া দাম্পত্য কলহের জেরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থী দীপা দাস এবং মানসিক সমস্যার কারণে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী সজীব দত্ত আত্মহননের পথ বেছে নেন।’

অসুস্থতাজনিত অকাল মৃত্যু: ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে গত ১৩ মার্চ না ফেরার দেশে পাড়ি জমান বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী আসিফ আসমাত নিবিড়। ২৭ মার্চ আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তড়িৎ ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম খাইরুল।

গত ৩ এপ্রিল ডায়রিয়াজনিত জটিলতায় মারা যান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী সুমাইয়া সাবরী মাহি। অন্যদিকে, অসুস্থতার কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ নাফিজ।

অন্যান্য মৃত্যু: গত ১৬ মার্চ ময়মনসিংহে বাসার ছাদ থেকে পড়ে মারা যান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উম্মে হাবিবা রিজু। গত ২৯ মার্চ রাজধানীর ভাটারা এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় লালমাটিয়া মহিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিপা নিন্দিয়ার মরদেহ।
একের পর এক মেধাবী প্রাণের এই অকাল প্রয়াণে ক্যাম্পাসগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং অ্যাকাডেমিক পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।