Home আঞ্চলিক মোংলায় কৃষিজমিতে বালু ভরাটের প্রতিবাদে মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম

মোংলায় কৃষিজমিতে বালু ভরাটের প্রতিবাদে মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম

6

মোংলা প্রতিনিধি।।

বাগেরহাটের মোংলায় হুকুমদখল করা কৃষিজমিতে বালু ভরাটের প্রতিবাদে এবং ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী জমির মালিকরা। শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার চিলা ইউনিয়নের কলাতলা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চিলা ইউনিয়ন কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে অংশ নিয়ে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, ক্ষতিপূরণ ছাড়াই মোংলা বন্দর কর্তৃপক্ষ পশুর নদীর ড্রেজিং থেকে উত্তোলিত বালু দিয়ে প্রায় ৩২৩ একর কৃষিজমি, চিংড়ি ঘের ও বসতভিটা ভরাট করেছে।

জমির মালিক হুমায়ুন কবির, জালাল হাওলাদার ও আলম গাজী বলেন, ’বাগেরহাট জেলা প্রশাসন প্রায় সাড়ে ৪শ’ জমির মালিকের জমি হুকুমদখল করে বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। এরপর গত তিন বছর ধরে ওই জমিতে দফায় দফায় বালু ভরাট করা হচ্ছে। এতে তাদের বাপ-দাদার রেখে যাওয়া আবাদি জমি ও বসতভিটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।’

তারা আরও বলেন, ’আগে এসব জমিতে ধান চাষ ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। বিকল্প আয়ের কোনো পথ না থাকায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে।’

ক্ষতিগ্রস্তরা জানান, আগামী ৭ কার্যদিবসের মধ্যে ক্ষতিপূরণ না দিলে তারা আমরণ অনশন, স্থানীয় ভূমি অফিস ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। পাশাপাশি ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত জমিতে আর কোনো বালু ফেলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, “মোংলা বন্দর কর্তৃপক্ষ ও জমির মালিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে বিষয়টির সমাধান করা হবে।”