Home আঞ্চলিক তালায় পিআইও অফিসে ঘুষ বাণিজ্য: টিন বিতরণে টাকা আদায়, ভাইরাল ভিডিওতে তোলপাড়

তালায় পিআইও অফিসে ঘুষ বাণিজ্য: টিন বিতরণে টাকা আদায়, ভাইরাল ভিডিওতে তোলপাড়

15

তালা প্রতিনিধি।।

সাতক্ষীরার তালা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়কে ঘিরে ঘুষ বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি ত্রাণসামগ্রী (টিন) বিতরণ, রাস্তা নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঘুষ নেওয়া, কাজ না করেই বিল উত্তোলন এবং বিল আটকে রাখার মতো অনিয়মের অভিযোগে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

অভিযোগে জানা গেছে, পিআইও অফিসের সহকারী সোহেল ও মামুনুর রহমান দর-চুক্তি নির্ধারণ করে বিভিন্ন কাজের বিনিময়ে ঘুষ আদায় করেন। স্থানীয়দের দাবি, এসব কর্মকাণ্ডের পেছনে পিআইও আশরাফুল ইসলামের প্রত্যক্ষ মদদ রয়েছে। অভিযোগ অনুযায়ী, কোনো প্রকল্পের বিল পেতে হলে লাখে প্রায় ১০ শতাংশ হারে ঘুষ দিতে হয়। টাকা না দিলে বিল দীর্ঘদিন আটকে রাখা হয়।

এছাড়া ইউনিয়ন পরিষদের সদস্যদের অভিযোগ, মাঠ পর্যায়ে রাস্তার কাজ পরিদর্শনে গেলে দফায় দফায় ঘুষ দিতে হয়। এমনকি রাস্তা মাপজোখের সময়ও প্রতি রাস্তার জন্য ২ হাজার টাকা করে দাবি করা হয় বলে অভিযোগ উঠেছে।

সরকারি টিন বিতরণেও অনিয়মের অভিযোগ সামনে এসেছে। বুধবার (১ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে অভিযুক্ত অফিস সহকারী মামুনুর রহমানকে ঘুষ নেওয়ার টাকা ফেরত দেওয়ার কথা বলতে শোনা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়।

ভুক্তভোগী কাজী নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমি একজন গরীব মানুষ। আমার স্ত্রী অসুস্থ। ইউএনও’র কাছে টিনের জন্য আবেদন করেছিলাম। টিন আসার পর পিআইও অফিসের মামুন আমার কাছে ৩ হাজার টাকা ঘুষ দাবি করে। টাকা না দিলে টিন দেওয়া হবে না বলে জানায়। পরে বাধ্য হয়ে আমি ২ হাজার ৫০০ টাকা দিই। এরপর আমাকে টিন দেওয়া হয়। কিন্তু টিনের সঙ্গে সরকার থেকে যে ৩ হাজার টাকা পরিবহন খরচ দেওয়ার কথা, তা এখনো পাইনি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পিআইও আশরাফুল ইসলাম বলেন, “টিন বিতরণে কোনো টাকা নেওয়ার নিয়ম নেই। যদি টাকা নেওয়ার প্রমাণ পাওয়া যায় এবং কেউ লিখিত অভিযোগ দেন, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের অভিযোগ শুধু একটি অফিসের অনিয়ম নয়, বরং সামগ্রিক প্রশাসনিক জবাবদিহিতার প্রশ্ন তুলে দেয়। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

অভিযোগগুলো প্রমাণিত হলে তা সরকারি সেবার প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন করবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।