Home আঞ্চলিক ঘেরে ধসে পড়ছে সড়কের পাড়

ঘেরে ধসে পড়ছে সড়কের পাড়

8

ডুমুরিয়া প্রতিনিধি।।


খুলনার ডুমুরিয়া উপজেলা সাজিয়ারা-থুকড়া-গফফার সড়কের পাঁচ কিলোমিটারজুড়ে প্রায় ১৭শ নারিকেল ও তালগাছ হুমকির মুখে পড়েছে। সড়কের পাশ ঘেঁষে অপরিকল্পিতভাবে খনন করে ঘের তৈরি করায় ধসে পড়ছে সড়কের মাটি। ফলে গাছগুলো শিকড়হীন হয়ে নুয়ে পড়ছে। গাছগুলো রক্ষা করতে সরকারি সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০০৩ সালে উপজেলার সদর ও রংপুর ইউনিয়নের সাজিয়াড়া-থুকড়া গফফার সড়কের দুই পাশ ঘেঁষে পাঁচ কিলোমিটার সড়কে ১২শ নারকেল ও পাঁচ শতাধিক তালের চারা রোপণ করে এলজিইডি। রোপণ করা নারকেল ও তাল গাছগুলো পাহারা ও পরিচর্যার জন্য ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত পাঁচজন নারী শ্রমিক নিয়োগ দেওয়া হয়। এজন্য ২০০৩ থেকে ২০১১ সাল পর্যান্ত মোট ৮ বছরে নারকেল ও তালগাছগুলো রক্ষায় ১২ লাখ টাকা ব্যয় দেখানো হয়।

স্থানীয় গ্রামবাসীর ভাষ্য, বর্তমানে গাছগুলো দেখাশোনার জন্য কোনো পাহারাদার নেই। স্থানীয় কতিপয় অবিবেচক মানুষ মাছ চাষের ঘের নির্মাণের সময় সড়ক ঘেঁষে খনন করেছেন। এতে ঘেরের পানির তোড়ে সড়কের মাটি ধসে যাচ্ছে। ফলে নারকেল ও তাল গাছগুলো ধীরে ধীরে শিকড়হীন হয়ে গাছগুলো হুমকির মুখে পড়েছে।


থুকড়া গ্রামের অনিতা বিশ্বাস ও প্রতাপ কুমার মণ্ডল বলেন, ৫ কিলোমিটারজুড়ে প্রায় প্রতিটি নারকেল ও তাল গাছে অনেক আগে থেকেই ফল ধরেছে। আশপাশের গ্রামের কতিপয় মানুষ, তাদের ইচ্ছে মতো ডাব ও তাল নিচ্ছেন। গাছের পাতাগুলো কেটে উজাড় করছেন। কিন্তু দেখার কেউ নেই।


উপজেলার সাজিয়াড়া গ্রামের মাছচাষি আফছার আলী বলেন, সড়ক ঘেঁষে তাঁর জমি। সেখানে ঘের তৈরি করে মাছ চাষ করছেন তিনি। ঘেরের পানির তোড়ে সড়ক ভাঙতে শুরু করেছে ও কিছু গাছ বিনষ্ট হয়েছে সত্য। তবে এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে ঘের চাষিদের কেউ কিছু বলেনি।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান বলেন, স্থানীয় কতিপয় লোক অপরিকল্পিতভাবে সড়কের দুই পাশ ঘেঁষে খাল কেটে মাছ চাষ করছেন। এতে সড়কের মাটি ধসে নারকেল ও তাল বাগানের গাছগুলো শিকড়হীন হচ্ছে। গাছের পাশাপাশি ও জনগুরুত্বপূর্ণ সড়কটিও বিনষ্ট হচ্ছে। জনস্বার্থে গাছগুলো ও সড়কটি রক্ষা করা জরুরি।
স্থানীয় শিক্ষক আব্দুল জব্বার বলেন, ইতোমধ্যে অর্ধশতাধিক নারকেল ও শতাধিক তাল গাছ নুয়ে পড়েছে। কিছু কিছু গাছ মারাও গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইনছাদ ইবনে আমিন বলেন, সাজিয়াড়া-থুকড়া গফফার সড়কে নারকেল ও তাল বাগানটি সত্যি দৃষ্টিনন্দন। গাছগুলো রক্ষণাবেক্ষণ ও রাজস্ব আদায়ে সরকারিভাবে উদ্যোগ নেওয়া জরুরি।

উপজেলার রুদাঘরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক জিএম আমানুল্লাহ আমান বলেন, ঘেরের মাছ চাষিরা যদি, রাস্তায় জায়গা বাদ দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করে মাছ চাষ করতেন তাহলে সরকারি জায়গা ও গাছগুলো রক্ষা পেত।


স্থানীয় প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবদুল কাদের খান বলেন, নারকেল চুরি এবং গাছের দেখভাল করার জন্য সেখানে পাহারাদার নিযুক্ত করা প্রয়োজন। এছাড়া গাছগুলোর গোড়ায় মাটি দিয়ে সেগুলো রক্ষা করা জরুরি। নারকেল ও তাল গাছগুলো থেকে প্রতিবছর কয়েক লাখ টাকা রাজস্ব আয় করা সম্ভব।


উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. দারুল হুদা বলেন, সড়কের পাশ ঘেঁষে সরকারি জায়গা আছে। তবে কী পরিমাণ সরকারি জায়গা রয়েছে,এ তথ্য তাঁর কাছে নেই। শিগগিরই সড়কের পাশের সরকারি জায়গা নির্ধারণ করা হবে। গাছের গোড়ায় মাটি দেওয়া এবং রক্ষণাবেক্ষণে পাহারাদার নিয়োগের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার বলেন, সরেজমিনে পরিদর্শন করে গাছগুলো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিগগিরই এ ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন।