শামিম শিকদার।।
খুলনা নগরীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, মারধর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ শামীম গাজী সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শামীম গাজী বটিয়াঘাটা উপজেলার গরিয়ারডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি গত ২৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্বপন রায়ের কাছ থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে মাসিক ৩৫ হাজার টাকা ভাড়া এবং ২ লাখ টাকা অগ্রিম প্রদান করে ৫ বছরের জন্য একটি খালি জায়গা ভাড়া নেন। পরে তিনি প্রায় ১১ লাখ টাকা ব্যয়ে সেখানে সেমি-পাকা টিনশেড হোটেল দোকান ও ইজিবাইক গ্যারেজ নির্মাণ করেন এবং নিজ খরচে দুটি বিদ্যুৎ মিটার স্থাপন করেন।
ভুক্তভোগীর অভিযোগ, গত মাসের ৫ তারিখে স্বপন রায় অতিরিক্ত ৬ মাসের অগ্রিম ভাড়া দাবি করে হুমকি দেন। এ বিষয়ে থানায় পূর্বে একটি অভিযোগ দায়ের হলেও তদন্তে সত্যতা না পাওয়ায় তিনি পুনরায় ব্যবসা পরিচালনা শুরু করেন।
তবে গত ২৯ মার্চ দুপুর ১২টার দিকে স্বপন রায়, ইমন, ডালিম ও কথিত সাংবাদিক মামুনসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে এসে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় দোকানের টিভিসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। বাধা দিলে শামীম গাজীকে মারধর করা হয় এবং ক্যাশে থাকা আনুমানিক ৪০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা চুক্তিপত্র অস্বীকার করে দ্রুত জায়গা ছেড়ে দেওয়ার জন্য হুমকি প্রদান করে।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সোনাডাঙ্গা থানার ওসি জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।











































