ক্রীড়া প্রতিবেদক
হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ১৫ ক্রিকেটার খেলেছেন বিসিবি প্রেসিডেন্ট’স কাপের তিন দলে। রবিবার শেষ হয়েছে ওয়ানডে ফরম্যাটের এই প্রতিযোগিতা। টুর্নামেন্ট শেষে জাতীয় দলের খেলোয়াড়সহ অনেকেই ছুটি পেয়েছেন। কিন্তু বিশ্রাম নেই এইচপির ক্রিকেটারদের। আগামীকাল (মঙ্গলবার) থেকেই শুরু হচ্ছে এইপির ক্যাম্প। আর এদিনই আনুষ্ঠানিকভাবে এইচপির দায়িত্ব নিচ্ছেন টপি র্যাডফোর্ড।
তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে স্থানীয় কোচদের তত্ত্বাবধানে বেশ কিছুদিন অনুশীলন করেন এইচপির ক্রিকেটাররা। টুর্নামেন্ট শেষ হওয়াতে এখন শুরু হচ্ছে এইচপির ‘আসল’ প্রস্তুতি। ক্যাম্প শুরুর আগে ২৬ ক্রিকেটারের করোনা পরীক্ষা হয়েছে, সবাই নেগেটিভ হয়েছেন। মঙ্গলবার থেকে মিরপুরের একাডেমিতে শুরু হবে অনুশীলন, চলবে ১২ নভেম্বর পর্যন্ত। ক্যাম্পের প্রথম দফায় তাদের ফিটনেস পরখ করে দেখবেন হেড কোচ র্যাডফোর্ড। এরপরই শুরু হবে স্কিল অনুশীলন।
দলের প্রস্তুতি নিয়ে এইচপি ইউনিটের ম্যানেজার জামাল বাবু বলেছেন, ‘এইচপির ক্রিকেটাররা যারা প্রেসিডেন্টস কাপ খেলেছে তারা ছুটিতে যাচ্ছে না। আমাদের ক্যাম্প শুরু হচ্ছে মঙ্গলবার থেকেই। টানা দুই সপ্তাহের ক্যাম্প চলবে ১২ অক্টোবর পর্যন্ত।’ এবারের এইচপি দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের বেশির ভাগই তরুণ। সর্বশেষ দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের নিয়েই গড়া হয়েছে দল। সর্বশেষ যুব বিশ্বকাপে শিরোপা জেতা দলটির ১৩ জন আছেন স্কোয়াডে। গত ৯ ফেব্রুয়ারি আকবর আলীর নেতৃত্বে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বজয়ের উল্লাসে মাতে বাংলাদেশ। জাতীয় দলের জন্য খেলোয়াড় সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার লক্ষ্যে বিসিবি প্রতি বছর এই ধরনের ক্যাম্পের আয়োজন করে থাকে।
ম্যানেজার নিয়োগে তাড়াহুড়ো করবে না বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে ফুটবলারদের ক্যাম্প শুরু হলেও কাউকে ম্যানেজার করা হয়নি। ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলাররা ম্যানেজারের কাছে রিপোর্ট করেন-এ রেওয়াজ দীর্ঘদিন ধরে চলে আসছিল। এবার কোচদের কাছে রিপোর্ট করেছেন ফুটবলাররা।
জাতীয় ফুটবল দলের ম্যানেজার নিয়ে বিভিন্ন কাব কর্মকর্তার মধ্যে ক্ষোভ ছিল। কারণ, নির্দিষ্ট একটি কাবের একজন কর্মকর্তাই দীর্ঘদিন ধরে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন। এবার ম্যানেজার ছাড়া জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার পরই বাফুফে থেকে আভাস পাওয়া গেছে গুরুত্বপূর্ণ এ পদে পরিবর্তন আসছে।
বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন তার দ্বিতীয় মেয়াদেই জাতীয় দলের জন্য বেতনভুক্ত একজন নিরপেক্ষ ম্যানেজার নিয়োগের পরিকল্পনার কথা বলেছিলেন। তবে সেটা বাস্তবায়ন হয়নি। দেরিতে হলেও বাফুফে জাতীয় দলের জন্য নিরপেক্ষ ও বেতনভুক্ত ম্যানেজার নিয়োগ দিতে যাচ্ছে বলেই জানা গেছে। নভেম্বরের প্রথম সপ্তাহে ন্যাশনাল টিমস কমিটির সভা হওয়ার কথা। সেই সভায়ই সিদ্ধান্ত হবে ম্যানেজার নিয়োগের বিষয়টি। তাহলে কি ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দুটির আগেই নতুন ম্যানেজার দেখা যাবে? সোমবার এ প্রশ্ন করা হলে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেন, ‘ম্যানেজার নিয়োগে আমরা তাড়াহুড়ো করতে চাই না। কারণ আমাদের কোনো কাজ তো থেমে নেই। নেপালের বিপক্ষে ম্যাচের আগে ন্যাশনাল টিমস কমিটির সভা হবে। ওই সভায় ম্যানেজারের বিষয়টি সিদ্ধান্ত হবে।’ বেতনভুক্ত ম্যানেজার নিয়োগ দেয়ার ক্ষেত্রে বাফুফে ধীরেই এগোবে। কারণ, হুট করে কাউকে নিয়োগ দিয়ে নতুন বিতর্কে জড়াতে চাইবে না দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। কোচের মতো ম্যানেজারের নামও বাফুফেকে প্রস্তাব করবে ন্যাশনাল টিমস কমিটি। যে কারণে এই কমিটির সভার আগে এ বিষয়ে কিছুই বলতে চাইছেন না বাফুফের কেউ।
যদি নেপালের বিপক্ষে ম্যাচে ম্যানেজার নিয়োগ দেয়া সম্ভব না হয় তাহলে কি জেমিকে ওই দুই ম্যাচে কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করতে দেখা যেতে পারে? ‘হতে পারে। তবে যে সিদ্ধান্তই হোক তা হবে ন্যাশনাল টিমস কমিটির প্রস্তাব অনুসারে’-জবাব বাফুফের সাধারণ সম্পাদকের।
অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দলের বাঁছাই ৩০ অক্টোবর
ক্রীড়া প্রতিবেদক
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ৩ নভেম্বর থেকে দেশের সাতটি ভেন্যুতে শুরু হতে যাচ্ছে ‘জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২০’ এর আঞ্চলিক পর্ব।
টুর্ণামেন্টে অংশগ্রহণের জন্য খুলনা জেলা দল গঠণের লক্ষে আগামী ৩০ অক্টোবর অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল খেলোয়াড়দের বাঁছাই অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলির নিকট রিপোর্ট করতে হবে। বাঁছাইয়ে অংশ নিতে ইচ্ছুক খেলোয়াড়দের জন্ম নিবন্ধন সনদ ও ছবি সাথে আনতে হবে। ২০০৬ সালের জুনের পরে যাদের জন্ম শুধুমাত্র তারাই বাঁছাইয়ে অংশ নিতে পারবে। যে কোন প্রয়োজনে- ০১৭১১-৩২৪১২৩।
দুই সপ্তাহের ছুটিতে তামিম-মুশফিকরা
ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘ বিরতির পর বিসিবি প্রেসিডেন্ট’স কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশের ক্রিকেটাররা। টানা অনুশীলন ও টুর্নামেন্ট খেলার ধকল কাটিয়ে উঠতে তামিম-মুশফিকদের দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনাল না খেলায় তামিম একাদশে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের ছুটি শুরু হয়েছে ২১ অক্টোবর থেকে। অন্যদিকে মুশফিক ও মাহমুদউল্লাহদের ছুটি শুরু হয়েছে গতকাল সোমবার থেকে। তবে বিসিবি ছুটি দিলেও ক্রিকেটাররা চাইলে ব্যক্তিগত অনুশীলন করতে পারবেন। এ সময় হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্প চলার ফাঁকে তামিম-মুশফিকরা মিরপুরে অনুশীলন করতে পারবেন। দুই সপ্তাহের ছুটি শেষে আবারও শুরু হবে অনুশীলন। আগামী ১৫ নভেম্বর ৫ দল নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে হবে। এজন্য করোনা পরীক্ষায় হতে হবে নেগেটিভ।
টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরবেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজিত ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে অলরাউন্ডার সাকিব আল হাসান খেলায় ফিরবেন বলে জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন।
ম্যাচ ফিক্সিং তথ্য গোপন করা গেল বছরের ২৯ অক্টোবর থেকে ক্রিকেটে নিষিদ্ধ হন সাকিব। এর মাসের ২৮ তারিখ তার নিষেধাজ্ঞা শেষ হবে। তাই ২৯ অক্টোবর থেকে ক্রিকেট খেলতে পারবেন তিনি। পাঁচ দলকে নিয়ে আগামী ৫ নভেম্বর থেকে শুরু হবে টি-টুয়েন্টি টুর্নামেন্ট। দলগুলোর স্পন্সরের জন্য খুব শীঘ্রই বিসিবি দরপত্র আহবান করবে। পাঁচ দলের ব্সন্ন টুর্নামেন্টে খেলবেন সাকিব।
আইসিসির উঠতি বোলারদের তালিকায় নেই কোনো বাংলাদেশি
ক্রীড়া প্রতিবেদক
উঠতি যেসব তারকা বোলার গত কয়েক বছরে প্রত্যাশার চেয়েও ভালো খেলে বিশ্বের নজর কেড়েছেন তাদের একটি নিয়েই একটি প্রতিবেদন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। অনূর্ধ্ব-২১ বছর বসয়ী সেই তারকা বোলারদের তালিকায় স্থান হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের।
উঠতি এই তরুণদের মধ্যে কেউ কেউ অনূর্ধ্ব-১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশ নিয়েছেন, জুনিয়র দলে দারুণ পারফরম্যান্সের সুবাদে অনেকে ইতোমধ্যে জাতীয় দলে থিতু হয়েছেন। আবার কোনো কোনো তারকা জাতীয় দলে কল পাওয়ার অপেক্ষায় রয়েছেন। সেসব সম্ভাবনাময়ী তরুণদের নিয়েই প্রতিবেদন করেছে আইসিসি। সেই তালিকায় সবার উপরে রয়েছেন আফগানিস্তানের ডানহাতি অফ স্পিনার মুজিব উর রহমান। ১৯ বছর ২১২ দিন বয়সী আফগানিস্তানের খোস্ত প্রদেশে জন্ম নেয়া এই তরুণের জাতীয় দলে অভিষেক হয় ২০১৭ সালের ৫ ডিসেম্বর। তারপর থেকে জাতীয় দলের হয়ে ৪০টি ওয়ানডে, ১৯টি টি-টোয়েন্টি আর একটি টেস্ট ম্যাচে অংশ নিয়ে বল হাতে শিকার করেন ৮৯ উইকেট।
পাকির আলী ঢাকায়
ক্রীড়া প্রতিবেদক
আবারও ঢাকায় এলেন পাকির আলী। পুলিশ ফুটবল কাবের দায়িত্ব নিতে এসেছেন একসময়ের আবাহনীর ‘ঘরের ছেলে’ এই সাবেক শ্রীলংকান ডিফেন্ডার। এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে রোববার রাত পৌনে ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।
এর আগে বেলা ৩টায় দুবাই বিমানবন্দর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘আমি আবার আসছি বাংলাদেশে। এখন দুবাই বিমানবন্দরে রয়েছি। এসে কথা হবে। আমার জন্য দোয়া করবেন।’ আগামী ১৯ ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়াবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। আসন্ন মৌসুমের জন্য প্রিমিয়ার লিগের দল পুলিশ নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকির আলীকে। এই নামটি বাংলাদেশের ফুটবলে অতি পরিচিত। ফুটবলার ও কোচ হয়ে এর আগেও তিনি বহুবার ঢাকায় এসেছেন। বাংলাদেশের মানুষের মন জয় করেছেন। এবার তাকে দেখা যাবে পুলিশের ডাগআউটে। কলম্বোয় বিমানে ওঠার আগে নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, ‘বাংলাদেশের পথে যাত্রা করছি, পুলিশ দলের প্রধান কোচের দায়িত্ব নেয়ার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন।’
আইপিএল ফাইনালের ভেন্যু দুবাই
ক্রীড়া প্রতিবেদক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরের প্লে-অফের খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। দুবাই হবে টুর্নামেন্টের ফাইনাল ও কোয়ালিফাইয়ার-১। আর আবুধাবিতে হবে এলিমিনেটর ও কোয়ালিফাইয়ার-২।
প্রথম কোয়ালিফাইয়ার হবে ৫ নভেম্বর। এলিমিনেটর হবে ৬ নভেম্বর। ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফাইয়ার। আর ১০ নভেম্বর ফাইনাল দিয়ে এবারের আসরের পর্দা নামবে। গেল ২৯ মার্চ থেকে ভারতে শুরু হবার কথা ছিল আইপিএলের ত্রয়োদশ আসর। কিন্তু করোনার কারণে সঠিক সময়ে আইপিএল শুরু করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পরবর্তীতে মরুর দেশে আয়োজন করা হয় আইপিএল। জৈব-সুরক্ষা বলয়ের মাঝে তিনটি স্টেডিয়ামে চলছে ম্যাচগুলো। ইতোমধ্যে ৪৫টি ম্যাচ শেষ হয়েছে। আবুধাবিতে ৮ অক্টোবর দ্বিতীয় কোয়ালিফাইয়ারে লড়বে এলিমিনেটর ম্যাচে জয় পাওয়া দল ও প্রথম কোয়ালিফাইয়ারে হেরে যাওয়া দল। প্রথম কোয়ালিফাইয়ারে জয় পাওয়া ও দ্বিতীয় কোয়ালিফাইয়ারে জয় পাওয়া দল ১০ নভেম্বর দুবাইয়ে এবারের আইপিএলের ফাইনালে লড়বে। প্লে-অফের সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
একসঙ্গে প্রোটিয়া ক্রিকেট বোর্ডের সবার পদত্যাগ
ক্রীড়া প্রতিবেদক
একসঙ্গে পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) সব সদস্য। রোববার পদত্যাগ করেছিলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ছয়জন পরিচালক। গতকাল সোমবার সকালে একসঙ্গে পদত্যাগ করেছেন বোর্ডের বাকি থাকা ১০ সদস্য।
ছয় পরিচালকের পদত্যাগের ধারাবাহিকতায়ই এসেছে বাকিদের পদত্যাগের সিদ্ধান্ত। রোববার পদত্যাগ করাদের মধ্যে ছিলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বেরেসফোর্ড উইলিয়ামস, চারজন অ-স্বতন্ত্র সদস্য এবং একজন স্বতন্ত্র সদস্য দেভেন ধর্মলিঙ্গাম। তাদের পর গতকাল সকালে পদত্যাগ করলেন অ-স্বতন্ত্র পরিচালক জোলা থামাই এবং তিন স্বতন্ত্র পরিচালক ইউগেনিয়া কুমা আমেয়াও, মরিস স্কোম্যান এবং ভুয়োকাজি মেমানি সেডিল। টুইটারে এক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
৪৭ বছর পর আর্সেনালের মাঠে জিতল লিস্টার
ক্রীড়া প্রতিবেদক
বেঞ্চ থেকে ওঠে এসে দুর্দান্ত এক গোল করে লেস্টার সিটিকে ঐতিহাসিক জয় এনে দিয়েছেন জেমি ভার্ডি। ইংলিশ ফরোয়ার্ডের একমাত্র গোলে আর্সেনালকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।
গানারদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে লেস্টার শেষবার জিতেছিল ১৯৭৩ সালে। ৪৭ বছরে এসে দলের জয়ে নায়ক হয়ে থাকলেন ভার্ডি। কাফ ইনজুরির কারণে যে কিনা লেস্টারের গত দুই ম্যাচে মাঠে নামতে পারেননি। এবারও মূল একাদশে ছিলেন না সাবেক ইংলিশ ফরোয়ার্ড। বদলি হিসেবে মাঠে নেমে ৮০তম মিনিটে চেঙ্গিস আন্ডারের দারুণ এক পাস থেকে হেডে আর্সেনালের জালে বল জড়িয়ে দেন ভার্ডি। এ নিয়ে প্রিমিয়ার লিগে গানারদের বিপক্ষে ১২ ম্যাচে ১১তম গোল পেলেন তিনি। একই দলের বিপক্ষ ১২ গোল নিয়ে ভার্ডির ওপরে আছেন কেবল ওয়েইন রুনি।
আবারও জুভেন্টাসের হোঁচট
ক্রীড়া প্রতিবেদক
সিরি’আ লিগের চলতি মৌসুমে আবারও হোঁচট খেয়েছে জুভেন্টাস। ক্রোটনের পর এবার নিজেদের মাঠ তুরিনে হেলাস ভেরোনার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে পরাজয় এড়িয়েছে গত আসরের চ্যাম্পিয়নরা।
চলতি মৌসুমে লিগে এখনও অপরাজিত আন্দ্রে পিরলোর দল। কিন্তু পাঁচ ম্যাচের মধ্যে তাদের তিনটিতে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে। জয় পেয়েছে দুই ম্যাচে। আপাতত ৯ পয়েন্ট নিয়ে তালিকায় পাঁচে আছে তুরিনের বুড়িরা। ভেরোনার বিপক্ষে পিরলোর স্কোয়াডে ছিলেন না তুরিনের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয়বারও করোনা পজিটিভ রিপোর্ট আসায় মাঠের বাইরে সময় কাটাতে হচ্ছে পর্তুগিজ উইঙ্গারকে। ম্যাচেও ছিল সিআর সেভেনের না থাকার প্রভাব। ভেরোনার বিপক্ষে জুভরা প্রথমার্ধ শেষ করে গোলশূন্য ব্যবধানে। বিরতির পর মাঠে নেমে উল্টো পিছিয়ে পড়ে ইতালিয়ান জায়ান্টরা।
৬০তম মিনিটে আন্দ্রে ফাবিল্লির গোলে এগিয়ে যায় ভেরোনা। এর ১৩ মিনিট পরে দুর্দান্তভাবে একলা বল নিয়ে ছুটে গোল করে জুভদের সমতায় ফেরান সুইডিশ মিডফিল্ডার দেজান কুলুসেভস্কি। অবশ্য পিছিয়ে পড়ার আগে আলভারো মোরাতার একটি গোল অফসাইডের কারণে বাতিল না করলে ফলাফল অন্যরকমও হতে পারতো। সাবেক চেলসি স্ট্রাইকারের গোলটি ভার (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) দেখে বাতিল করে দেন ম্যাচ রেফারি।
করোনাভাইরাসে আক্রান্ত রোনালদিনহো
ক্রীড়া প্রতিবেদক
প্রাণঘাতী করোনাভাইরাসের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলেন না ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গাউচো। ফুটবল অঙ্গনে করোনার থাবায় সবশেষ আক্রান্ত হলেন স্প্যানিশ কাব বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড।
শনিবার বেলো হরিজন্তে পৌঁছানোর সময় রোনালদিনহোর মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। কিন্তু তখন করানো করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে তার নমুনার ফলাফল। তবে এখনও কোনো উপসর্গ নেই তার মধ্যে এবং তিনি সুস্থও আছেন। এ কথা জানিয়ে রোনালদিনহো আরও বলেন, ‘আমি বেশ ভালো আছি। কোনো উপসর্গ নেই। কিন্তু যে অনুষ্ঠানের জন্য এসেছিলাম, সেটি এখন পরে করতে হবে। শিগগিরই আমরা এক হবো। সবার জন্য ভালোবাসা।’
রাজস্থানকে টিকিয়ে রাখলো স্টোকসের সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক
চলতি আইপিএলের শুরুতে বেন স্টোকসকে দলে পায়নি রাজস্থান রয়্যালস। মধ্যভাগে এলেও ব্যাটে রান পাচ্ছিলেন ইংলিশ অলরাউন্ডার। রাজস্থানেরও প্লে-অফে খেলার স্বপ্ন ফিকে হতে বসেছিল। তবে নিজের ছায়া হয়ে আর বেশিদিন থাকলেন না স্টোকস। তার ঝড়ো সেঞ্চুরিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটে হারিয়েছে রাজস্থান। রবি
রবিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯৫ রান করে মুম্বাই। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারেই ১৯৬ রান করে রাজস্থান। মুম্বাইকে লড়াকু সংগ্রহ এনে দেন হার্ডিক পান্ডিয়া। শেষদিকে ব্যাটিংয়ে নেমে ২১ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন তিনি। যার মধ্যে ২ চারের পাশাপাশি পান্ডিয়া ছক্কা হাঁকান ৭টি। এছাড়া সূর্যকুমার যাদবের ২৬ বলে ৪০, সৌরভ তিওয়ারির ৩৪ ও ওপেনার ইশান কিষাণ ৩৭ রান দলকে বড় ভিত এনে দেয়। কিন্তু বিশাল পুঁজিতেও রাজস্থানকে আটকাতে পারেনি কাইরন পোলার্ডের দল। রবিন উথাপ্পার (১৩) সঙ্গে ওপেনিংয়ে নেমে ঝড় তুলেন স্টোকস। মাঝখানে অধিনায়ক স্টিভেন স্মিথ (১১) জেমস প্যাটিনসনের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরলেও সঞ্জু স্যামসনের সঙ্গে দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন তিনি। স্টোকসের ৬০ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংসটি সাজানো ছিল ১৪ চার ও ৩ ছক্কায়। স্যামসন ৩১ বলে ৪ চার ও ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৫৪ রানে।
এই জয়ে প্লে-অফে খেলার স্বপ্ন জিইয়ে রাখলো রাজস্থান। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১০ পয়েন্ট নিয়ে স্মিথের দল ওঠে এসেছে তালিকার ষষ্ঠ স্থানে। ১১ ম্যচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মুম্বাই।
এলপিএলে খেলবেন না রাসেলসহ পাঁচ বিদেশি
ক্রীড়া প্রতিবেদক
দল পাওয়ার এক সপ্তাহের মধ্যে লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে নাম প্রত্যাহার করলেন পাঁচ বিদেশি খেলোয়াড়। তাদের মধ্যে আছেন আন্দ্রে রাসেল, ফাফ ডু প্লেসিস ও ডেভিড মিলারের মতো তারকারা।
দক্ষিণ আফ্রিকান মিলার ও ডু প্লেসিস এবং ইংলিশ ক্রিকেটার ডেভিড মালানের সরে দাঁড়ানোর কারণ দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার সীমিত ওভারের সিরিজ, যা শুরু হচ্ছে ২৭ নভেম্বর থেকে। শ্রীলঙ্কা ক্রিকেট বলছে, চোটের কারণে খেলবেন না উইন্ডিজ অলরাউন্ডার রাসেল। সরে দাঁড়ানো পঞ্চম খেলোয়াড় মানবীন্দর বিসলার কাছ থেকে কারণ জানতে পারেনি বোর্ড। ২১ নভেম্বর শুরু হয়ে এলপিএলের প্রথম আসর চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের ডিরেক্টর রবিন বিক্রমারতেœ বলেছেন, ‘এই খেলোয়াড়দের ফ্রাঞ্চাইজি তাদের জায়গা পূরণে অন্য খেলোয়াড়দের সঙ্গে শিগগিরই কথা বলবে।’











































