Home আঞ্চলিক পাইকগাছায় হিন্দু পরিবারে সন্ত্রাসী হামলা লুটপাটের অভিযোগ

পাইকগাছায় হিন্দু পরিবারে সন্ত্রাসী হামলা লুটপাটের অভিযোগ

18


পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় হিন্দু পরিবারের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, লুটপাট ও নারী সদস্যদের শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী সুকুমার চন্দ্র ঢালী (৪৫) পাইকগাছা থানায় দায়ের করা এজাহারে অভিযোগ করেন, উপজেলার কপিলমুনি ইউনিয়নের গোয়ালবাথান এলাকায় গত সোমবার (২৩ মার্চ ২০২৬) দুপুরে পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়।
এজাহার অনুযায়ী, প্রথম দফায় হামলাকারীরা বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর চালায় এবং এলাকা ছাড়া ও প্রাণনাশের হুমকি দেয়। এরপর কিছু সময় পর আরও বড় দল নিয়ে পুনরায় হামলা চালিয়ে বাড়ির বিভিন্ন অংশ তছনছ করে এবং পরিবারের সদস্যদের উপর নির্বিচারে মারধর শুরু করে। হামলায় সুকুমার ঢালীসহ একাধিক ব্যক্তি আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরে ঢুকে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এছাড়া নারী সদস্যদের কাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে। ভুক্তভোগীর দাবি পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, এর আগেও একই বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
এদিকে স্থানীয়দের অভিযোগ, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে । দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান এ ঘটনায় থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। পুলিশ বিষয় টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে তিনি জানিয়েছেন।