Home স্বাস্থ্য হালকা মসলায় তিন পদ

হালকা মসলায় তিন পদ

7


মিলি রহমান।।

ঈদে অনেক ভালো-মন্দ খাওয়া হয়ে যায়। এবার নিয়মিত খাদ্যাভ্যাসে ফেরার পালা। তাছাড়া গরমও পড়ে গেছে। এখন তেল-মসলা কম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। হালকা মসলায় তিন পদ রেসিপি ।

লাউ-মসুর ডাল মাখা

উপকরণ : লাউ টুকরা ২ কাপ, মসুর ডাল হাফ কাপ, তেল ২-৩ টেবিল চামচ, পেঁয়াজকুচি হাফ কাপ, আদা-রসুনবাটা ১ চা চামচ, হলুদগুঁড়ো হাফ চা চামচ, ধনিয়াগুঁড়া হাফ চা চামচ, লবণ ১ চা চামচ, পানি দেড় কাপ, ধনিয়াপাতাকুচি সামান্য।

প্রণালি : প্রথমে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি দিন। একটু হালকা সোনালি হলে লবণ দিন। এতে পেঁয়াজ দ্রুত নরম হবে। আদা-রসুনবাটা দিন। হলুদ ও ধনিয়াগুঁড়া দিয়ে ভালো করে মসলা কষিয়ে নিন। সামান্য পানি দিন যাতে মসলার ঝাঁঝাল ভাবটা চলে যায়। মসুর ডাল দিন। একটু কষিয়ে ঢেকে দিন। চুলার আঁচ কম থাকবে। পাঁচ মিনিট পর ডাল নেড়ে লাউ দিন। একটু নেড়ে আবারও ঢেকে দিন। এতে লাউ নরম হয়ে আসবে। ৩-৪ মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে পানি দিন। ৮-১০ মিনিট পর ধনেপাতাকুচি দিয়ে নামিয়ে নিন। হালকা মসলার খাবার শরীরের জন্য ভীষণ উপকারী যা শরীর রাখে ঠাণ্ডা ও সুস্থ।

পোস্তদানায় ঝিঙে-ডিম ভাজি

উপকরণ : ঝিঙে রিং করে কুচি ১ কাপ, ডিম ১টি, পোস্তবাটা ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি মাঝারি ২টা, হলুদগুঁড়া ১ চিমটি, কাঁচা মরিচ ২-৩টি, রসুনকুচি ২ কোয়া, লবণ ১ চা চামচের কম।

প্রণালি : কড়াই গরম করে পেঁয়াজ দিন। হালকা ভাজা হলে রসুনকুচি দিন। একটু নেড়ে লবণ ও পোস্তদানা দিন। ভালো করে মিশিয়ে নিন। সামান্য পানি দিন। হলুদগুঁড়া দিন। এই হলুদগুঁড়া শুধু সুন্দর একটা রঙ হওয়ার জন্য। মৃদু আঁচে ঢেকে দিন। ৪-৫ মিনিট পর ঝিঙের পানিতেই যখন ঝিঙে সেদ্ধ হয়ে যাবে তখন চারপাশে ছড়িয়ে মাঝে তেল থাকবে তাতে দিন ছেড়ে দিন। ওপরে লবণ সামান্য ছিটিয়ে নেড়ে ডিম ভেঙে দিন। এখন ভাজির সঙ্গে মিশিয়ে দিন। লাল কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন। গরম ভাত বা রুটি-পরোটার সঙ্গেও অসাধারণ লাগবে খেতে।

মানকচুর গোড়া দিয়ে ইলিশের ঝোল

উপকরণ : ইলিশ টুকরা ৪ পিস, কচুর গোড়া টুকরা ৮-১০ পিস, পেঁয়াজকুচি মাঝারি ২টা, কাঁচা মরিচ ২টা, আদা-রসুনবাটা ১ চা চামচ, হলুদগুঁড়া হাফ চা চামচ, মরিচগুঁড়া হাফ চা চামচ, তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো বা ১ চা চামচ, পানি দেড় কাপ, ধনেপাতাকুচি।

প্রণালি : ইলিশ মাছের টুকরাগুলো ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে নিতে হবে। সামান?্য হলুদগুঁড়া, মরিচগুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে তেলে হালকা করে ভেজে নিতে হবে। ওই তেলে পেঁয়াজকুচি সোনালি রঙ করে ভেজে নিয়ে তাতে লবণ, আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিতে হবে। সামান্য পানি দিন যাতে মসলা পুড়ে না যায়। মসলা কষানো হলে তাতে কচু টুকরাগুলো দিয়ে নাড়তে হবে। ভালো করে কষিয়ে কচুর টুকরা ও কাঁচা মরিচ ফালি করে দিন। ঢেকে দিন। আঁচ কম থাকবে। হালকা সেদ্ধ হলে একটু নেড়ে পুরো পানি ঢেলে দিয়ে ঢেকে দিন। পানি কমে কচু ৮০% সেদ্ধ হলে ইলিশ টুকরা দিয়ে নেড়ে ঢেকে দেব মিডিয়াম আঁচে। দশ মিনিট লাগবে। ঝোল হবে। ধনেপাতাকুচি দিন। হয়ে গেল খুবই স্বাদের মানসকচু দিয়ে ইলিশের পাতলা ঝোল।