Home Lead ১১শ’ ২৮ কোটি টাকা আত্মসাৎ-পাচার: দুদকের মামলায় গ্রেফতার দেখানো হবে মাসুদ উদ্দিনকে

১১শ’ ২৮ কোটি টাকা আত্মসাৎ-পাচার: দুদকের মামলায় গ্রেফতার দেখানো হবে মাসুদ উদ্দিনকে

12

ঢাকা অফিস।।

মালয়েশিয়ায় সিন্ডিকেট করে আদম পাচারের মাধ্যমে ১ হাজার ১২৮ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গত বছর ১১ মার্চ একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলার প্রধানতম আসামি ওয়ান-ইলেভেনের অন্যতম কুশীলব লে: জে: মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি ‘ফাইভ-এম ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামক রিক্রুটিং এজেন্সির মালিক। তার প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অন্য আসামিরা হলেন, নূর মোহাম্মদ আব্দুল মুকিত, মেহবুবা আফতাব সাথি এবং মাসুদউদ্দিন চৌধুরীর স্ত্রী তাসনিয়া মাসুদ চৌধুরী।

ওই দিন মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরসহ মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করে জনশক্তি রফতানির নামে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, শত শত কোটি টাকা আত্মসাৎ, মালয়েশিয়ার শ্রমবাজার বিনষ্ট ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে ১৩ প্রতিষ্ঠানের ৩৩ মালিকের বিরুদ্ধে ১২টি মামলা অনুমোদন হয়। মামলাগুলোর আসামিদের বিরুদ্ধে রয়েছেন, মেসার্স অরবিটাল এন্টারপ্রাইজের মালিক ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ওরফে লোটাস কামালের স্ত্রী কাশমিরি কামাল, কন্যা নাফিসা কামাল, ‘স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড’র মালিক সাবেক আওয়ামী এমপি নিজাম উদ্দিন হাজারী, তার স্ত্রী নূরজাহান বেগম, একই প্রতিষ্ঠানের কর্মকর্তা শেখ আব্দুল্লাহ, জাহাঙ্গীর আলম, এম. আমিরুল ইসলাম, জসিম উদ্দিন, মো: জিয়াউর রহমান ভূঁইয়া। ‘বিনিময় ইন্টারন্যাশনাল’র মালিক ও চৌদ্দগ্রাম উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া ও তার স্ত্রী তাসলিমা আক্তার। ‘ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেড’র মালিক মোহাম্মদ রূহুল আমিন ও তার স্ত্রী লুৎফর নেছা শেলী, মেসার্স আহমদ ইন্টারন্যাশনাল’র মালিক সাবেক আওয়ামী এমপি বেনজীর আহমদ, বিএম ট্রাভেলস লিমিটেড’র মালিক ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মো: শফিকুল ইসলাম বাছেক ও তার স্ত্রী মৌসুমি আক্তার, বিএনএস ওভারসিজ’র মালিক ও যুবলীগের সাবেক সভাপতি আবুল বাশারের পুত্র ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহমেদ সৈকত ও তার স্ত্রী নসরুন নেছা, ‘রুবেল বাংলাদেশ লিমিটেড’র মালিক মুহাম্মাদ মজিবুল হক রুবেল ও তার স্ত্রী কামরুন নাহার হীরামনি এবং ইফতি ওভারসীজ’র মালিক মো: রুবেল, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বোরহান উদ্দিন (পান্না)।


এদের মধ্যে লোটাস কামাল সপরিবারে বিদেশ পালিয়ে গেছেন মর্মে জানা যায়। নিজাম হাজারিও দেশ ছেড়ে পালিয়েছেন। তবে দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় পালাতে পারেন নি লে: জে: মাসুদউদ্দিন চৌধুরী। অন্যরা কেউ দেশে আত্মগোপনে কেউ বা বিদেশে পালিয়েছেন। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন সূত্র।

এজাহারের তথ্য মতে, মাসুদউদ্দিন চৌধুরীসহ অন্য আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে সরকারি ক্ষমতার অপব্যবহার করে সাবেক মন্ত্রী, এমপি, উপজেলার চেয়ারম্যান, কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে, বায়রা’র বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে সিন্ডিকেট করে বিএমইটি ও বায়রা’র রেজিস্ট্রেশনের শর্ত ভঙ্গ করেছেন। সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার চেয়ে ৫ গুণ অতিরিক্ত টাকা শ্রমিক হিসেবে মালয়েশিয়ায় গমনকারীদের কাছ থেকে আদায় করেন।

তারা মালয়েশিয়ায় শ্রমিক রিক্রুটের জন্য এজেন্সির লাইসেন্স নেন। পরে শ্রমিকদের অবৈধ ভাবে ক্ষতি সাধন করে বিভিন্ন ধাপে বাড়তি অর্থ আদায় ও অসৎ উদ্দেশ্যে সরকার দলীয় মন্ত্রী, এমপি, উপজেলার চেয়ারম্যান, কাউন্সিলর হিসেবে প্রভাব খাটান। এছাড়াও চুক্তিবদ্ধ আইনসঙ্গত পারিশ্রমিক ব্যতিত এবং চুক্তির শর্ত মোতাবেক কর্মকান্ড না করে ‘পাবলিক সার্ভেন্ট’ হিসেবে অবৈধ পারিতোষিক গ্রহণ করে মালয়েশিয়ায় প্রেরিত শ্রমিকদের কাছ থেকে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি শ্রমিকের কাছ থেকে নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় করে আত্মসাৎ করেছেন। তারা অবৈধভাবে আদায়কৃত অর্থ অবৈধ পন্থায় হস্তান্তর, স্থানান্তর রূপান্তরের মাধ্যমে অর্থ পাচার করে আসামিরা শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এদিকে ওয়ান ইলেভেনের অন্যতম কুশীলব ও সাবেক এমপি মাসুদউদ্দিন চৌধুরীকে গত সোমবার রাতে আটক করে পুলিশের গোয়েন্দা বিভাগ।

সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২৪ মার্চ) তাকে আদালতে তোলার প্রক্রিয়া চলছে। গ্রেফতার দেখানোর পর তার রিমান্ড চাওয়া হবে। কারণ তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলাসহ অন্তত ৫টি মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে যাচাই-বাছাই চলছে। ফেনীতে দায়ের করা চব্বিশের জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

প্রসঙ্গত: ওয়ান ইলেভেন সরকারের সময় লে: জে: মাসুদউদ্দিন চৌধুরী ছিলেন দুর্নীতি ও গুরুতর অপরাধ দমন সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান সমন্বয়ক। এ সময় তার বিরুদ্ধে রাজনীতিক, ব্যবসায়ী,শিল্পপতি ও পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানিমূলক নানা কর্মকান্ডের অভিযোগ রয়েছে। ২০০৯ সালে হাসিনা নেতৃত্বাধীন আ’লীগ ক্ষমতায় আসার পর ‘সেফএক্সিট’ হিসেবে অস্ট্রেলিয়ায় রাষ্ট্রদূত করে পাঠিয়ে দেয়া হয়। সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর তিনি জনশক্তি আদম ব্যবসার সঙ্গে যুক্ত হন। পরে আওয়ামী অনুগত গৃহপালিত বিরোধীদল জাতীয় পার্টিতে মাসুদকে যোগদান করান। জাপা’র টিকিটে তিনি ২০১৮ সালে ফেনী-৩ আসন থেকে এমপি হন।