স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) গাড়ির তেল চুরির ঘটনায় হাতেনাতে আটক চালক এনায়েত হোসেন বাবলুকে রক্ষা করতে প্রভাবশালী একটি মহল সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই তাকে ছেড়ে দেওয়া এবং পরবর্তী সময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে নগরীর খালিশপুর নিউমার্কেটের ময়লার স্টেজ পয়েন্টে তেল চুরির সময় স্থানীয়দের হাতে আটক হন কেসিসির গাড়ির চালক এনায়েত হোসেন বাবলু। অভিযোগ রয়েছে, একটি পাইপের মাধ্যমে গাড়ির ট্যাংক থেকে প্রায় ৩৫ লিটার তেল বের করে ক্যানভর্তি করা হচ্ছিল। বিষয়টি ধরা পড়লে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত কেসিসির কনজারভেন্সি সুপারভাইজার নুরুজ্জামান সুমন জানান, সন্দেহজনক আচরণ দেখে তিনি ভেতরে গিয়ে তেল বের করার বিষয়টি দেখতে পান। ভিডিও ধারণ করতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং পরে শারীরিকভাবে লাঞ্ছিত করারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তবে বিস্ময়করভাবে, স্থানীয়দের হাতে আটক হওয়ার পরও কেসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপে চালক বাবলুকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে নগরজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। অভিযোগ রয়েছে, প্রভাবশালী একটি মহল শুরু থেকেই বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় উদ্ধার হওয়া তেলের একটি অংশ দ্রুত নষ্ট করে ফেলার চেষ্টা করা হয়, যা সন্দেহকে আরও জোরালো করে। এরপরও অভিযুক্তের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন উঠেছে কেসিসির ভূমিকা নিয়েও।
অভিযুক্ত চালক বাবলু অবশ্য দাবি করেছেন, ট্যাংকের তেল পরিষ্কার করার জন্যই তা বের করা হচ্ছিল। তবে প্রত্যক্ষদর্শীরা তার এই বক্তব্যে সন্তুষ্ট নন।
এ বিষয়ে কেসিসির সহকারী কনজারভেন্সি অফিসার জিয়াউর রহমান জিয়া জানান, উভয় পক্ষকে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে এবং তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সচেতন মহল বলছে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আরও বেড়ে যেতে পারে। তারা স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।











































