ঢাকা অফিস
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনৈতিক মতবিরোধের নামে যে মব কালচার দেশে শুরু হয়েছে তা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। সেই সঙ্গে মবের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ন্যাপের চেয়ারম্যান ও জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর মর্যাদায় সিনিয়র মন্ত্রীর দায়িত্ব পালন করা মশিউর রহমান যাদু মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনকে প্রলম্বিত করার মধ্য দিয়ে একটি মহল দেশের গণতন্ত্রকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ১২ তারিখের নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ আবারও গণতন্ত্রের সুফল পেতে শুরু করেছে।
তিনি বলেন, আমাদের দেশের রাজনীতি এবং উন্নয়নের একমাত্র সমাধান হচ্ছে গণতন্ত্র এবং অবাধ নির্বাচন। যতবারই এই গতিমুখকে পরিবর্তন করা হয়েছে, ততবারই জাতীয় সংকট তৈরি হয়েছে। এ সময় তিনি সবাইকে গণতান্ত্রিক রাজনীতির সংস্কৃতি ও মূল্যবোধকে আঁকড়ে ধরার আহ্বান জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ্, আবু সালেহ, প্রয়াত যাদু মিয়ার মেয়ে রিটা রহমান প্রমুখ।









































