স্পোর্টস ডেস্ক।।
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদকে দলে নিয়েছে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডের দল সানরাইজার্স লিডস। লন্ডনে অনুষ্ঠিত নিলামে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে তাকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটিরও বেশি টাকা।
তবে তাকে দলে নেওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। কারণ ভারতীয় মালিকানাধীন কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আগে থেকেই পাকিস্তানি ক্রিকেটারদের দলে না নেওয়ার বিষয়ে অনানুষ্ঠানিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। সেই প্রেক্ষাপটে আবরারকে দলে নেওয়া নিয়ে আলোচনা শুরু হয়।
যদিও দল পেলেও শেষ পর্যন্ত এই টুর্নামেন্টে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। একই সময়ে পাকিস্তান দলের ওয়েস্ট ইন্ডিজ সফর নির্ধারিত রয়েছে। এ কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে তার এনওসি বা ছাড়পত্র পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
সূচি অনুযায়ী পাকিস্তান দল আগামী ১৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। অন্যদিকে দ্য হানড্রেড শুরু হবে ২১ জুলাই এবং চলবে ১৬ আগস্ট পর্যন্ত। ফলে জাতীয় দলের সিরিজের সঙ্গে এই লিগের সূচির সংঘর্ষ তৈরি হয়েছে।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, সূচির এই সংঘাতের কারণে আবরারের দ্য হানড্রেডে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সফরের কারণে তিনি শেষ পর্যন্ত এই লিগে অংশ নিতে নাও পারেন।
তবে সূত্রটি আরও জানায়, নিলামে নাম দেওয়ার অর্থ হলো তার এজেন্ট এনওসি পাওয়ার ব্যাপারে আশাবাদী। এছাড়া বর্তমান পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধানের সঙ্গে আবরারের সম্পর্কও বেশ ভালো। ফলে শেষ পর্যন্ত তার খেলার সম্ভাবনা প্রায় সমান।
এদিকে সানরাইজার্স লিডসের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি বলেছেন, দলে মানসম্পন্ন স্পিনারের ঘাটতি থাকায় তারা আবরারকে নিয়েছেন। বিশেষ করে ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদকে দলে নিতে ব্যর্থ হওয়ার পর বিদেশি স্পিনারের দিকে নজর দেয় দলটি।










































