স্পোটর্স ডেস্ক।।
ইংলিশ প্রিমিয়ার লীগের তিন দিন আগের হারের প্রতিশোধটা এফএ কাপে তুলে নিলো লিভারপুল। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে পঞ্চম রাউন্ডে অলরেডদের জয় ৩-১ গোলে। শুক্রবার নিজে গোল করার পর মোহাম্মদ সালাহকে দিয়েও গোল করান দলের অভিজ্ঞ তারকা অ্যান্ডি রবার্টসন।
যদিও ম্যাচের পর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের চোট নিয়ে বড়সড় দুঃশ্চিন্তা তৈরি হয়েছে। ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের একটি কড়া চ্যালেঞ্জের শিকার হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় বেশ খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় ম্যাক অ্যালিস্টারকে। চলতি মৌসুমে আর্নে স্লটের অধীনে দুর্দান্ত ফর্মে থাকা এই আর্জেন্টাইন তারকা এখন পর্যন্ত ৫ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। সামনেই চ্যাম্পিয়ন্স লীগে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ, জাতীয় দল আর্জেন্টিনার হয়েও রয়েছে হাইভোল্টেজ সব সূচি। তাই এ আলবিসেলেস্তে মিডফিল্ডারের চোটের খবর এখন ভক্তদের জন্য উদ্বেগের কারণ।
প্রিমিয়ার লীগে গত মঙ্গলবার এই মলিনিউ স্টেডিয়ামেই যোগ করা সময়ে গোল খেয়ে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয় লিভারপুলকে। তবে শুক্রবার রাতে যেন অন্য এক অলরেডদের দেখলো ফুটবল বিশ্ব। যদিও প্রথমার্ধের চিত্র ছিল সেই ম্যাচের মতোই। একের পর এক আক্রমণ চালিয়েওই জাল খুঁজে পাচ্ছিল না লিভারপুল। প্রথমার্ধে দু’দল মিলে ১১টি শট নিলেও ম্যাচ বিরতিতে যায় গোলশূন্য অবস্থায়। তবে মাঠে ফিরে শুরু হয় রবার্টসন শো। ৫১তম মিনিটে ডি-বক্সের প্রান্ত থেকে অলরেড তারকার এক রকেট গতির শট সরাসরি আছড়ে পড়ে উলভসের জালে। এখানেই থামননি এ স্কটিশ ডিফেন্ডার। মিনিট দুয়েক পরই তার নিখুঁত এক ক্রস খুঁজে নেয় মোহাম্মদ সালাহকে। মিশরীয় সুপারস্টার বল জালে জড়াতে ভুল করেননি। তবে শুরুতে অফসাইডের বাঁশি বাজান রেফারি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) চোখ বুলিয়ে গোলের সংকেত দেন রেফারি। ৭৪তম মিনিটে রক্ষণভাগের আরেকজন কার্টিস জোনসের দর্শনীয় শটে শেষ গোলটি পায় সফরকারীরা। যোগ করা দ্বিতীয় মিনিটে উলভসের হি-চ্যান হাওয়াং একটি গোল শোধ দিলেও তা কেবল সান্ত্বনাই যোগায়।
এদিন দলে চারটি পরিবর্তন আনেন অলরেড কোচ স্লট। তরুণ রিও এনগুমোহাকে শুরুর একাদশে নামিয়ে চমকে দেন তিনি। অন্যদিকে, ছয় পরিবর্তন নিয়ে মাঠে নামা উলভস বস রব এডওয়ার্ডস ম্যাচের পর স্বীকার করেন, ‘আজ লিভারপুলের ইনটেনসিটি ছিল আমাদের নাগালের বাইরে।’ ম্যাচসেরা হওয়া রবার্টসন বিবিসি-কে বলেন, ‘মঙ্গলবার আমরা নিজেদের হতাশ করেছিলাম। আজ সেটা ঘুচিয়ে দেয়ার সুযোগ ছিল।’বিশ্ব সংবাদ
এই জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে লিভারপুল। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে মাঠে নামার আগে এই জয় নিশ্চিতভাবেই ইংলিশ জায়ান্টদের আরও আত্মবিশ্বাস জোগাবে। অন্যদিকে, টেবিলের তলানিতে থাকা উলভসের সামনে এখন লীগে টিকে থাকার কঠিন চ্যালেঞ্জ।











































