Home খেলাধুলা হোয়াইট হাউসে মেসি ‘সৌভাগ্য’ ট্রাম্পের

হোয়াইট হাউসে মেসি ‘সৌভাগ্য’ ট্রাম্পের

4


স্পোর্টস ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসের রাজকীয় এক মুহূর্তের সাক্ষী হলো ওয়াশিংটন। ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো মেজর লীগ সকার (এমএলএস) শিরোপাজয়ী ইন্টার মায়ামিকে বৃহস্পতিবার হোয়াইট হাউসে সংবর্ধনা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এই রাজকীয় আসরের মধ্যমণি হয়ে রইলেন ফুটবলের অন্যতম বৃহত্তম নক্ষত্র লিওনেল মেসি। মায়ামি অধিনায়কের কাছ থেকে অটোগ্রাফসহ উপঢৌকনও পেলেন ট্রাম্প। মেসিকে স্বাগত জানানো নিজের সৌভাগ্য বলে মন্তব্য করেন তিনি।


ওয়াশিংটনের ঐতিহ্যবাহী ‘ইস্ট রুম’-এ আয়োজিত এ রাজকীয় অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি। এদিন তার হাত থেকে একটি স্বাক্ষর করা গোলাপি ফুটবল উপহার হিসেবে গ্রহণ করেন ট্রাম্প। এছাড়া, ক্লাব মালিক হোর্হে মাস ও কোচ হাভিয়ের মাসচেরানোর পক্ষ থেকে একটি বিশেষ জার্সি ও ঘড়ি উপহার দেয়া হয় মার্কিন প্রেসিডেন্টকে। ২০২৩-এর জুলাইয়ে মায়ামিতে যোগ দেয়ার পর এটিই ছিল মেসির প্রথম হোয়াইট হাউস সফর। এর আগে গত বছরের ডিসেম্বরে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো লীগ শিরোপা উঁচিয়ে ধরে ফ্লোরিডার দলটি। টানা দ্বিতীয়বারের মতো লীগের সেরা খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হওয়া মেসিকে প্রশংসায় ভাসাতে ভোলেননি ট্রাম্প। তিনি বলেন, ‘আমি আজ প্রকৃত মেধাবীদের সম্মান জানাচ্ছি। আমেরিকার কোনো প্রেসিডেন্টের আগে যা বলার সুযোগ হয়নি, আজ তা বলার সৌভাগ্য আমার হচ্ছে। লিওনেল মেসি, হোয়াইট হাউসে আপনাকে স্বাগতম!’ স্মৃতিচারণ করতে গিয়ে ট্রাম্প জানান, তার ছেলে ব্যারন ট্রাম্প মেসির কত বড় ভক্ত। তিনি হাসিমুখে বলেন, “আমার ছেলে জিজ্ঞেস করলো, ‘বাবা, তুমি জানো আজ এখানে কে আসছে?’ আমি বললাম, ‘না, আমি তো অনেক কাজে ব্যস্ত থাকি।’ সে বলল, ‘মেসি আসছে!’ সে আপনার কত বড় ভক্ত বলে বোঝানো যাবে না।” মেসিবন্দনায় ট্রাম্প আরও বলেন, ‘লিও তার ক্যারিয়ারের ৪৭তম ট্রফি (এখানে) জিতলো, যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ। আপনি চাইলে বিশ্বের যে কোনো ক্লাবে যেতে পারতেন, তবে আপনি মায়ামিকে বেছে নিয়েছেন। এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের অন্তর্ভুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ।’ এমনকি ব্রাজিল তথা ফুটবলের সর্বকালের অন্যতম সেরা পেলের সঙ্গে মেসির তুলনা টেনে ট্রাম্প আগত দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, ‘কে বেশি সেরা? আপনি (মেসি) বোধহয় পেলের চেয়েও ভালো!’ অনুষ্ঠানে মেসির সঙ্গে উপস্থিত ছিলেন তার মায়ামি সতীর্থ ও বিশ্বফুটবলের অন্যতম দুই আইকন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগে ভাসেন মায়ামির সহ-স্বত্বাধিকারী হোর্হে মাস। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘আমরা আমেরিকার ফুটবলের সংস্কৃতিকে চিরতরে বদলে দিয়েছি। আমরা প্রমাণ করেছি যে, আমাদের লীগও বিশ্বের সেরা হওয়ার যোগ্যতা রাখে।’ ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মায়ামি ক্লাবটি ২০২০-এ যাত্রা শুরু করার পর স্রেফ কয়েক বছরেই যেভাবে সাফল্যের চূড়ায় পৌঁছে গেছে, তাকে রূপকথা বললেও কম হয়ে যায়। সেখানে মেসির অবদান অনস্বীকার্য। ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা গত অক্টোবরে মায়ামির সঙ্গে ২০২৮ পর্যন্ত নতুন চুক্তি সম্পন্ন করেন। অনুষ্ঠান শেষে ট্রাম্প পুরো মায়ামি দলকে তার দাপ্তরিক কার্যালয় ‘ওভাল অফিস’ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।