স্পোর্টস ডেস্ক।।
বড় ধাক্কা নেমে এলো আল নাসর শিবিরে। হ্যামস্ট্রিং চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। শুরুতে সামান্য মনে করা হলেও, এখন জানা যাচ্ছে পর্তুগিজ মহাতারকার চোটটি বেশ গুরুতর। উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যেই স্পেনের মাদ্রিদে পাড়ি জমিয়েছেন তিনি।
আল ফায়হার বিপক্ষে গত সপ্তাহে ৩-১ গোলের জয়ের দিন বড় ধাক্কা খায় আল নাসর। সেদিনের ম্যাচে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় সিআরসেভেনকে। শনিবার সৌদি প্রো লীগের ম্যাচে নিওম এসসির বিপক্ষে মাঠে নামার আগে আল নাসর কোচ জর্জ জেসুস নিশ্চিত করেন যে, রোনালদোর চোট যতটা ভাবা হয়েছিল, তার চেয়েও অনেক বেশি গুরুতর। তিনি বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে (রোনালদোর) চোট বেশ জটিল। তার এখন বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন। মাদ্রিদে তিনি তার ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন।’
২১ গোল নিয়ে বর্তমানে সৌদি প্রো লীগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনে আছেন রোনালদো। ২ গোল বেশি নিয়ে শীর্ষে আছেন আল আহলির ইভান টনি। লীগ তো বটেই, সামনে জাতীয় দলের হয়েও গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ আছে ৪১ বছর বয়সী রোনালদোর। পর্তুগালের জার্সিতে আগামী ২৯শে মার্চ ও ১লা এপ্রিল মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচগুলোতে খেলার কথা তার। আসন্ন ফিফা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ ম্যাচ দু’টিতে সিআরসেভেনকে না দেখা গেলে তা পর্তুগিজদের জন্যও বড় ধাক্কা হয়ে আসবে।











































