স্পোর্টস ডেস্ক।।
মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনায় মোহাম্মদ আমিরের তর্কযুদ্ধ। তাতে যোগ দেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিয়ে আমিরের করা একের পর এক নেতিবাচক ভবিষ্যদ্বাণী ও মন্তব্য নিয়ে কড়া সমালোচনা করেন কাইফ। সেসবের জবাব দিয়ে ভারতের সাবেক ব্যাটারের ক্রিকেটীয় যোগ্যতা নিয়ের প্রশ্ন তুললেন আমির। একইসঙ্গে, পাকিস্তানের এ সাবেক পেসার তাকে ‘স্রেফ একজন ফিল্ডার’ হিসেবেও খোঁচা দিয়েছেন!
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সেমিফাইনালের টিকিট পাবে না বলে বারবার দাবি করছিলেন আমির। তবে তার ভবিষ্যদ্বাণীকে মিথ্যা প্রমাণ করে শুধু সেমিফাইনালই নয়, ফাইনালেও পা রেখেছে ভারত। আমিরের এমনসব মন্তব্যকে ‘শিরোনামে থাকার চেষ্টা’ বলে আখ্যা দেন ভারতের সাবেক ব্যাটার কাইফ। তিনি আরও মনে করিয়ে দেন, ২০২৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের হারের পেছনে আমিরের করা সেই ওভারটিই দায়ী ছিল।
কাইফের এমন মন্তব্য স্বাভাবিকভাবে নেননি আমির। নিজের ইউটিউব চ্যানেলে কাইফকে একহাত নিয়ে তিনি বলেন, ‘উনার (কাইফ) ক্যারিয়ার নিয়ে আমার তেমন ধারণা নেই। পরিসংখ্যান ঘেঁটে দেখলাম, আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে) কেবল ২৯টি ম্যাচ খেলেছেন। জনাব কাইফ, আমি সাড়ে তিনশ টি-টোয়েন্টি খেলেছি। নজর কাড়ার জন্য ভারতকে নিয়ে কথা বলার কোনো প্রয়োজন আমার নেই।’
সৌরভ গাঙ্গুলির অধীনে কাইফের দলে সুযোগ পাওয়ার দিকে ইঙ্গিত করে আমির আরও বলেন, ‘আপনি দাদার প্রতি কৃতজ্ঞ থাকুন। শুনেছি, আপনাকে শুধু ফিল্ডিংয়ের কারণেই দলে রাখা হতো। আপনি একজন ক্রিকেটার হয়ে অন্য ক্রিকেটার সম্পর্কে এমন নিচু মানের মন্তব্য করতে পারেন না।’
উল্লেখ্য, ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে ‘স্লগার’ ডাকা কিংবা সঞ্জু স্যামসনের কৃতিত্বকে বেশি একটা পাত্তা না দিয়ে আগে থেকেই ভারতীয় সমর্থকদের তোপের মুখে ছিলেন আমির। এবার কাইফকে ‘স্রেফ ফিল্ডার’ বলায় দু’দেশের ক্রিকেট মহলে নতুন উত্তাপ ছড়িয়েছে।











































