আন্তর্জাতিক ডেস্ক।।
ইতিহাসে প্রথমবারের মতো সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হলো ত্রয়োদশ শতাব্দীর বিখ্যাত খ্রিস্টান সেন্ট ফ্রান্সিস অব আসিসির কঙ্কাল। ইতালির আসিসি শহরের ব্যাসিলিকা অব সেন্ট ফ্রান্সিস অব আসিসি গির্জায় রবিবার থেকে শুরু হওয়া এক মাসব্যাপী এই প্রদর্শনীতে লাখ লাখ পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের।
নাইট্রোজেন গ্যাসে পূর্ণ একটি স্বচ্ছ প্লেক্সিগ্লাস বাক্সে সযত্নে রাখা হয়েছে তার এই দেহাবশেষ। এর গায়ে লাতিন ভাষায় লেখা রয়েছে ‘করপাস স্যাংটি ফ্রান্সিস্কি’ (সেন্ট ফ্রান্সিসের শরীর)। ১২২৬ সালের ৩ অক্টোবর মৃত্যুবরণ করা এই সন্ত নিজের সমস্ত ধনসম্পদ ত্যাগ করে দরিদ্রদের সেবায় জীবন উৎসর্গ করেছিলেন এবং ‘ফ্রান্সিসকান অর্ডার’ প্রতিষ্ঠা করেছিলেন।
ফ্রান্সিসকান মঠের যোগাযোগ পরিচালক ও সন্ন্যাসী জুলিও সিজারিও জানান, ক্ষয়প্রাপ্ত অস্থিগুলোই প্রমাণ করে যে, সেন্ট ফ্রান্সিস তার জীবনের ব্রতে নিজেকে কতটা উজাড় করে দিয়েছিলেন। ১২৩০ সালে এই গির্জায় তার দেহাবশেষ স্থানান্তর করা হলেও, ১৮১৮ সালে এক গোপন খননের মাধ্যমে তার সমাধির পুনরায় সন্ধান মেলে। এর আগে ১৯৭৮ সালে মাত্র এক দিনের জন্য খুব সীমিত পরিসরে এটি দেখানো হয়েছিল।
কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা এই প্রদর্শনী চলবে ২২ মার্চ পর্যন্ত। বুলেটপ্রুফ কাচের আবরণ ও সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রাখা হয়েছে কঙ্কালটি। মঠের তত্ত্বাবধায়ক মার্কো মরোনি জানান, এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪ লাখ মানুষ এটি দেখার জন্য নিবন্ধন করেছেন। সাধারণ সময়ে দিনে হাজারখানেক দর্শনার্থী এলেও, এই প্রদর্শনী উপলক্ষে প্রতিদিন ১৫ থেকে ১৯ হাজার মানুষের ভিড় সামাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা।











































