Home জাতীয় এমএসএফের প্রতিবেদন: জানুয়ারিতে গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে ২১

এমএসএফের প্রতিবেদন: জানুয়ারিতে গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে ২১

11


ঢাকা অফিস
দেশে চলতি বছরের জানুয়ারি মাসে অন্তত ২৯টি গণপিটুনির ঘটনায় ২১ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ২৬ জন। এ মাসে মানবাধিকার লঙ্ঘন বেড়েছে প্রায় সব সূচকে। শনিবার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর জানুয়ারি মাসের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
প্রতিবেদনে সংগঠনটি আরো বলেছে, এ মাসে মানবাধিকার লঙ্ঘন বেড়েছে প্রায় সব সূচকে। এর মধ্যে গণপিটুনিতে নিহতের ঘটনা গত ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাসে ১১টি বেশি। ডিসেম্বর মাসে গণপিটুনিতে নিহত ছিল ১০ জন। একই সঙ্গে গত মাস থেকে আহতের সংখ্যা ২৪ থেকে বেড়ে ২৬ হয়েছে। গণপিটুনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুরুতর ফৌজদারি অপরাধ।
এমএসএফ বলেছে, বিভিন্ন অভিযোগে চুরি, ছিনতাই, খুন, ডাকাতি, পরকীয়া, মাদক ও চাঁদাবাজির অভিযোগ তুলে এসব হামলা হয়েছে জানিয়ে এমএসএফ বলছে, প্রায় সব প্রধান মানবাধিকার সূচকেই এ মাসে পরিস্থিতির অবনতি হয়েছে। এক মাসের ব্যবধানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তিন গুণের বেশি বেড়েছে।
এমএসএফের তথ্য মতে, সংখ্যালঘু নির্যাতনের ঘটনা গত বছর ডিসেম্বর মাসে ছিল ৬টি, যা চলতি বছর জানুয়ারিতে বেড়ে ২১-এ দাঁড়িয়েছে।
মন্দিরে প্রতিমা চুরি, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এটি সাম্প্রদায়িক সহিংসতার পুনরুত্থান এবং সুরক্ষা ব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত জানিয়ে এমএসএফ বলছে, দেশের মানবাধিকার পরিস্থিতি লক্ষণীয়ভাবে অবনতির দিকে গেছে।
সদ্য বিদায়ি মাসে বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’-এ সারা দেশে ২২ হাজার ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, একই সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী হেফাজতে দুজনের মৃত্যু, নির্যাতনে আরো দুজনের মৃত্যুর অভিযোগ এবং কারা হেফাজতে ১৫ বন্দির মৃত্যু হয়েছে।
গণপিটুনি ও মব সহিংসতা: জানুয়ারিতে অন্তত ২৯টি গণপিটুনির ঘটনায় ২১ জন নিহত ও ২৬ জন গুরুতর আহত হয়েছে। ডিসেম্বর মাসে নিহত ছিল ১০ জন। আহতের সংখ্যা ২৪ থেকে বেড়ে ২৬ হয়েছে। বিভিন্ন অভিযোগে চুরি, ছিনতাই, খুন, ডাকাতি, পরকীয়া, মাদক ও চাঁদাবাজির অভিযোগ তুলে এসব হামলা হয়েছে। এমএসএফ বলেছে, গণপিটুনি বিচারবহির্ভূত হত্যাকান্ড এবং গুরুতর ফৌজদারি অপরাধ।
অজ্ঞাতপরিচয় লাশ: জানুয়ারিতে ৫৭টি অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার হয়েছে, যা ডিসেম্বরে ছিল ৪৮টি। অধিকাংশ লাশ নদী, সড়ক, রেললাইন ও পরিত্যক্ত স্থানে পাওয়া গেছে। এমএসএফ বলছে, পরিচয় শনাক্ত ও অপরাধী চিহ্নিতকরণে নিষ্ক্রিয়তা নাগরিক নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে।

সাংবাদিক নির্যাতন: জানুয়ারিতে ১১টি ঘটনায় ২৭ জন সাংবাদিক হামলা, হুমকি, মামলা ও হয়রানির শিকার হয়েছেন। ডিসেম্বর মাসে এ সংখ্যা ছিল ২৪। আক্রান্তদের মধ্যে ২৩ জন আহত, ১ জন হুমকির শিকার এবং ৩ জন আইনি হয়রানির মুখে পড়েন। এমএসএফের মতে, মামলা বৃদ্ধির প্রবণতা মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি।
সাইবার আইন ব্যবহার/অপব্যবহার; জানুয়ারিতে সাইবার নিরাপত্তা আইনে ৪টি মামলা হয়েছে, যা ডিসেম্বরে ছিল ২টি। গ্রেপ্তার হয়েছেন ২ জন। একই সঙ্গে ৪ জন নামীয় ও ১ জন অজ্ঞাতপরিচয়কে আসামি করা হয়েছে। এ ছাড়া ৭টি ফেসবুক পেজের বিরুদ্ধেও মামলা হয়েছে।
কারা হেফাজতে মৃত্যু: একই সময়ের ব্যবধানে কারাগারে মৃত্যুর সংখ্যা ৯ থেকে বেড়ে ১৫ হয়েছে। এমএসএফ বলছে, চিকিৎসা অবহেলা ও অমানবিক আচরণের অভিযোগ তদন্তযোগ্য।
আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু ও নির্যাতন: জানুয়ারিতে পুলিশ ও সেনা হেফাজতে ২ জনের মৃত্যু এবং নির্যাতনে আরও ২ জনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পরিবার নির্যাতনের অভিযোগ তুললেও কর্তৃপক্ষ অসুস্থতাজনিত কারণ দেখিয়েছে।
সীমান্ত পরিস্থিতি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ১ জন আহত ও নির্যাতনে ১ জন নিহত হয়েছেন। ভারতীয় কোস্ট গার্ড বঙ্গোপসাগর এলাকা থেকে ২৪ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। মায়ানমার সীমান্তে গুলিবিদ্ধ হয়ে এক শিশুসহ ৫ জন আহত হয়েছেন। টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে।
নারী ও শিশু সহিংসতা: এ মাসে নারী ও শিশু নির্যাতনের ২৫৭টি ঘটনা ঘটেছে, যা ডিসেম্বরে ছিল ২৪৩টি। ধর্ষণ ৩৪, সংঘবদ্ধ ধর্ষণ ১১, ধর্ষণ ও হত্যা ৩টি। ধর্ষণের শিকারদের মধ্যে ৬ শিশু ও ১১ কিশোরী। শারীরিক নির্যাতন ৪০, যৌন হয়রানি ১৭ ও ধর্ষণচেষ্টা ১৯টি। আত্মহত্যা করেছেন ৩২ জন নারী ও কিশোরী। হত্যা, অস্বাভাবিক মৃত্যু ও অপহরণ মিলিয়ে বড় অংশ শিশু ও কিশোরী।
নির্বাচনী সহিংসতা: নির্বাচনী সহিংসতার ৬৪টি ঘটনায় ৫০৯ জন আহত ও ৪ জন নিহত হয়েছেন। রাজনৈতিক সহিংসতার ২৪টি ঘটনায় আহত হয়েছেন ২১৫ জন। দুস্কৃতিকারীদের হামলায় রাজনৈতিক নেতা-কর্মী নিহত হয়েছেন ৬ জন।
জানুয়ারি মাসে মানবাধিকার পরিস্থিতি গুণগত ও পরিমাণগত উভয় দিক থেকেই অবনতি হয়েছে জানিয়ে এমএসএফ বলেছে, সংগঠনটি জবাবদিহিমূলক তদন্ত, বিচারহীনতার অবসান, আইন-শৃঙ্খলা বাহিনীর সংস্কার এবং নারী, সংখ্যালঘু ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে।