Home Lead বিএনপি প্রধান তারেক রহমানের খুলনা সফর : শিল্পাঞ্চলে বেকার শ্রমিকদের প্রত্যাশার পাহাড়

বিএনপি প্রধান তারেক রহমানের খুলনা সফর : শিল্পাঞ্চলে বেকার শ্রমিকদের প্রত্যাশার পাহাড়

25


স্টাফ রিপোর্টার
‘বিএনপির চেয়ারম্যান খালিশপুরে আসায় আমরা খুশি। তিনি আমাদের কষ্টের ভাগিদার হবেন। মিল-কারখানা বন্ধ হওয়ায় এখানে কাজ নাই। আমরা হাজার হাজার শ্রমিক বেকার। তাই আমরা মিল-কারখানা চালু চাই-কাজ চাই। মিল থাকলে কাজ হবে, কাজ করে বাঁচতে পারবো। আমরা বিএনপি চেয়ারম্যানের কাজে এ নিয়ে প্রতিশ্রুতি চাই।’ আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের খুলনার কর্মসূচিতে উচ্ছ্বাস প্রকাশ করে এভাবে কথাগুলো বলছিলেন এক সময়ের পাটকল শ্রমিক হাফিজুর রহমান।
নির্বাচনের এই সময়ে শ্রমিক অধ্যুষ্যিত খালিশপুর শিল্পাঞ্চলে বিএনপি প্রধানের আগমনে নতুন করে আশা ও প্রত্যাশার পাহাড় জমছে স্থানীয় শ্রমিক ও তাদের পরিবারের কাছে। এছাড়া দলীয় প্রধানের সফরে উজ্জীবিত নেতাকর্মীরাও।
প্লাটিনাম জুটমিলের বদলী শ্রমিক ছিলেন রেহেনা আক্তার। বলেন, ‘আমরা কারো সাহায্য চাই না। কাজ চাই, যেন কাজ করে বাঁচতে পারি। তারেক রহমান যেন আমাদের মিলগুলো চালু করে কাজের ব্যবস্থা করেন; তাতেই আমরা খুশি।’
এক সময় ‘শিল্পনগরী খুলনা’ নামে পরিচিত মহানগরীটি এখন নীরব শিল্পাঞ্চলে পরিণত হয়েছে। ভ্রান্ত নীতি, দুর্নীতি ও অব্যবস্থাপনার ফলে রূপসা-ভৈরব তীরের অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়া পাটকলগুলোর মধ্যে রয়েছে ক্রিসেন্ট জুট মিল, পিপলস জুট মিল, প্লাটিনাম জুবিলি জুট মিল, দৌলতপুর জুট মিল, স্টার জুট মিল, ইস্টার্ন, আলিম, আফিল, মহসিন, সোনালী ও অ্যাজাক্স জুট মিল। এ ছাড়া খুলনা নিউজপ্রিন্ট মিল, হার্ডবোর্ড মিল ও দাদা ম্যাচ ফ্যাক্টরিও বন্ধ হয়ে গেছে। ২০২০ সালে রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধের পর শ্রমিক কলোনি ফাঁকা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী কমেছে। পুরো শিল্পাঞ্চলে এসেছে নিস্তব্ধতা। খুলনা অঞ্চলে এসব মিলকারখানা বন্ধ হওয়ায় ৬০ হাজারের মতো মানুষ বেকার হয়ে পড়েছেন। ফলে একসময়ের কর্মচঞ্চল খুলনার শিল্পভিত্তি আজ শুধুই অতীত স্মৃতি।
এমন অবস্থায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২২ বছর পর খুলনায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই খবরে খুলনার রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। নগরজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে আবেগ, উৎসাহ ও উদ্দীপনার ঢেউ। শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি, যেন বহুদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন, ২০০৪ সালে তারেক রহমান সর্বশেষ খুলনা সফর করেন। সেই সময়ে তিনি বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিল্পাঞ্চলে বিএনপি প্রধানের আগমন আগামী দিনে খুলনার শিল্প অঞ্চলের নতুন সম্ভাবনা দুয়ার খুলবে।
মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, তারেক রহমানের খুলনা আগমন শুধু একটি নির্বাচনী কর্মসূচি নয়-এটি আমাদের জন্য একটি রাজনৈতিক বার্তা, আত্মবিশ্বাস ও মনোবল ফিরে পাওয়ার উপলক্ষ। দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীদের জন্য এই সফর নতুন প্রেরণার উৎস হয়ে উঠবে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, ২ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসমাবেশটি অনুষ্ঠিত হবে। স্বল্প সময়ের মধ্যে সাধারণ মানুষ, দলের নেতাকর্মীরা চেয়ারম্যানের এই আগমণের অপেক্ষায় উজ্জীবিত।
এদিকে শুক্রবার রাতে খুলনা বিএনপির শীর্ষ নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় তথ্য সম্পাদক ও খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের প্রার্থী আলি আসগর লবিসহ মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, খুলনা মহানগর, জেলা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলার নেতাকর্মীদের অংশগ্রহণে এই জনসমাবেশকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সমাবেশ সফল করতে ইতোমধ্যে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঞ্চ নির্মাণ, নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও প্রচারণা কার্যক্রম নিয়ে ধারাবাহিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
শনিবার দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, নগর সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিনসহ স্থানীয় নেতা নির্ধারিত জনসভাস্থল প্রভাতী স্কুল মাঠ পরিদর্শন করেন।
রকিবুল ইসলাম বকুল বলেন, বিএনপি চেয়াম্যান তারেক রহমানের আগমন আমাদের জন্য গর্বের। বিশেষ করে তিনি শিল্পাঞ্চলে আসছেন। তিনি দেশেই এসেই একটি প্লানের ঘোষণা দিয়েছেন। আমাদের শিল্পাঞ্চল, বন্দর ও সামগ্রিক বিষয়ও তাঁর পরিকল্পনার বাইরে নয়। আশা করছি, এই জনসভার মাধ্যমে তিনি তাঁর আগামীদিনের কর্মপরিকল্পনা ঘোষণা করবেন। খুলনা ঐতিহাসিকভাবে বিএনপির শক্ত ঘাঁটি। এই সমাবেশ, খুলনা অঞ্চলের মানুষ নতুন দিকনিদের্শনা পাবেন।