রহমান মিজান।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে যখন নির্বাচনী আমেজ বিরাজ করছে, ঠিক সেই সময়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি স্লোগান— “নৌকা ছাড়া কিসের ভোট, যেখানে নৌকা নেই সেখানেই ভোট নেই।”
নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা এবং প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রমে বাধা থাকলেও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই স্লোগানকে হাতিয়ার করে গোপনে প্রচারণা চালাচ্ছেন—এমন অভিযোগ উঠেছে। প্রকাশ্যে মিছিল-মিটিং বা পোস্টার লাগাতে না পারলেও তারা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে সক্রিয়ভাবে ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি ওই দলের তৃণমুলের নেতারা হাইকমান্ডের নির্দেশে সাধারণ ভোটারদের বিভিন্নভাবে ভোটপ্রদানে নিরুৎসাহিত করছেন।
ফেসবুকেই চলছে প্রচারণার মূল যুদ্ধ: খোঁজ নিয়ে দেখা গেছে, ফেসবুকে অসংখ্য ব্যক্তিগত আইডি, গ্রুপ ও পেজ থেকে নিয়মিতভাবে পোস্ট করা হচ্ছে— “নৌকা ছাড়া ভোট মানেই অবৈধ নির্বাচন” “যেখানে নৌকা নেই, সেখানে ভোট দিয়ে লাভ কী?” “ভোট নয়, প্রতিবাদই হোক উত্তর” এই পোস্টগুলো খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রচার করছে।
নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচারণার অভিযোগ: সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এম কামাল, আক্তারুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, অসীত বরণ বিশ্বাস, নাহিদ মুন্সী, বিধান রায়, ছাত্রলীগের রুম্মান আহমেদ, সাধারণ সম্পাদক জনি বসুসহ একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে এ ধরনের প্রচারণায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে।
খুলনাসহ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে বার্তা: বিশেষ করে খুলনা মহানগর ও জেলার বিভিন্ন অঞ্চলে এই ধরনের পোস্ট ও মন্তব্য বেশি চোখে পড়ছে। স্থানীয় পর্যায়ের পরিচিত আওয়ামী লীগপন্থী অ্যাকাউন্টগুলো থেকে এসব প্রচারণা ধারাবাহিকভাবে শেয়ার ও রিশেয়ার করা হচ্ছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার জানান, “প্রকাশ্যে তারা কিছু বলতে পারছে না, কিন্তু ফেসবুকে ঢুকলেই নৌকা না থাকলে ভোট না দেওয়ার কথা বলা হচ্ছে।”
নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তির অভিযোগ: রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের প্রচারণা ভোটারদের বিভ্রান্ত করতে পারে এবং নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার একটি কৌশল হিসেবেও বিবেচিত হচ্ছে। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, “নির্বাচনে অংশ না নিয়ে ভোট বর্জনের মনোভাব তৈরি করা এবং একটি নির্দিষ্ট প্রতীকের অনুপস্থিতিকে সামনে এনে পুরো নির্বাচনকে অকার্যকর প্রমাণ করার চেষ্টা—এটি একটি পরিকল্পিত রাজনৈতিক কৌশল।”
নির্বাচন কমিশনের নজরদারি জোরদারের দাবি: সচেতন মহলের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান এই প্রচারণা নির্বাচনী আচরণবিধি ও ডিজিটাল আইন লঙ্ঘনের শামিল হতে পারে। তারা বিষয়টি গুরুত্ব সহকারে নজরদারিতে আনার জন্য নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। একজন নাগরিক অধিকার কর্মী বলেন, “প্রকাশ্যে নিষেধাজ্ঞা থাকলে অনলাইনে গোপন প্রচারণাও বন্ধ হওয়া উচিত। তা না হলে একটি পক্ষ অন্যায্য সুবিধা পাবে।”
ভোটারদের প্রতি আহ্বান: এদিকে বিভিন্ন মহল থেকে ভোটারদের প্রতি আহ্বান জানানো হচ্ছে— গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করার। বিশ্লেষকদের মতে, ভোট না দেওয়া নয়, বরং জেনেশুনে ভোট দেওয়াই গণতন্ত্রকে শক্তিশালী করে।
পুলিশের বক্তব্য: এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান বলেন, “বিষয়টি নিয়ে সাইবার সেল কাজ করছে। সবকিছু নজরদারিতে রয়েছে। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”











































