বিনোদন ডেস্ক।।
টলিউডের তিন সুপারস্টার প্রসেনজিৎ, জিৎ ও দেবের মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছে। গতকাল বুধবার ইম্পার দপ্তরে চলতি বছরে যেসব ছবি প্রদর্শন করা হবে তা নিয়ে স্ক্রিনিং কমিটির বৈঠক বসেছিল। যেখানে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্তর পাশাপাশি উপস্থিত ছিলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব ও ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রযোজক শ্রীকান্ত মোহতাসহ টলিউডের আরও অনেকে। আর সেই বৈঠকেই তিন সুপারস্টারের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, স্ক্রিনিং কমিটির বৈঠকে সদ্য পদ্মশ্রীপ্রাপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয়। এরপরে সেই পরিবেশ রূপ নেয় থমথমে অবসস্থায়। বৈঠক চলাকালীন উপস্থিত সাংবাদিকদের সামনে দিয়েই বেরিয়ে যান দেব।
সূত্রের খবর, দুর্গাপূজার সিনে ক্যালেন্ডার ঠিক করা নিয়েই নাকি ফের মনোমালিন্য হয় বৈঠকে। তবে আগামী পূজার স্লট আগে থেকেই বুক করে রেখেছেন দেব। সিনেমা মুক্তির দশ মাস আগে অগ্রিম বুকিং চালু করেও ভালোই সাড়া পেয়েছেন। অন্যদিকে জিতের ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ও আবার পুজোয় আসার কথা। আর বুধবারের স্ক্রিনিং কমিটির বৈঠকে সে প্রসঙ্গ উত্থাপন হতেই নাকি মিটিংয়ে জিৎ-দেবের মধ্যে ঠান্ডা বাগ্বিতণ্ডা শুরু হয়। আর তা মধ্যস্থতা করতে গিয়েই অপমানিত হতে হয় প্রসেনজিৎকে।
প্রসেনজিৎ দেবের উদ্দেশে বলেছিলেন, ‘আমরা স্ক্রিনিং কমিটি করেছি। তোর সঙ্গে মাননীয়ার (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়) যোগাযোগ রয়েছে। ওনাকে একবার জানিয়ে রাখিস।” উত্তরে দেব বলেন, ‘তোমার তো ছবি হিট হয়েছে। তার ওপর তুমি আবার পদ্মশ্রী-টদ্মশ্রী পেয়েছ। তোমার কথা তো শুনতেই হবে!’ দেবের এহেন ব্যাঙ্গাত্মক সুরেই নাকি খানিক অস্বস্তিতে পড়েন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এরপর জিৎ যখন দেবকে বলেন, ‘আমি অনেকদিন পর পূজাতে আসছি (সিনেমা নিয়ে)। তুমি একটু স্পেস দাও।’ তবে এ কথা শুনে নাকি জিতকে ছাড় দেননি দেব। তিনি প্রশ্ন তোলেন, আচমকা দুই বছর পরে ছবি এনে জায়গা চাওয়াটা কি সমীচীন?











































