Home বিনোদন ‘ওসিডি’র ট্রেইলার আবার জয়া আহসানের চমক

‘ওসিডি’র ট্রেইলার আবার জয়া আহসানের চমক

5


বিনোদন ডেস্ক।।

পরিচ্ছন্নতার নেশা কি কখনও খুনের নেশায় রূপ নিতে পারে? শৈশবের কোনো তিক্ত স্মৃতি কি মানুষকে করে তুলতে পারে ভয়ংকর প্রতিশোধপরায়ণ? এমন সব রহস্য আর রোমাঞ্চের আভাস নিয়ে হাজির হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ওপার বাংলার নির্মাতা সৌকর্য ঘোষালের নতুন সাইকোলজিক্যাল ড্রামা ‘ওসিডি’ (ঙঈউ)-এর ট্রেইলারে এক অচেনা ও রহস্যময় জয়াকে দেখল দর্শক। ১ মিনিট ৪৮ সেকেন্ডের টানটান ট্রেইলারে জয়া নিজেকে মেলে ধরেছেন ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের চরিত্রে, যার জীবনের পরতে পরতে মিশে আছে এক ধূসর অতীত।

সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে মূলত শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদি মানসিক প্রভাবকে কেন্দ্র করে। শ্বেতা এমন এক মানসিক জটিলতায় আক্রান্ত, যেখানে তুচ্ছ পরিচ্ছন্নতা তার কাছে এক আচ্ছন্নতা বা অবসেশনে পরিণত হয়। কিন্তু এই পরিচ্ছন্নতার আড়ালেই লুকিয়ে আছে প্রতিশোধের এক নিখুঁত ব্লুপ্রিন্ট। ট্রেইলারে দেখা যায়, শ্বেতার অতীত সম্পর্কে একজন রোগী জেনে ফেললে তিনি হয়ে ওঠেন বেপরোয়া এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেছে নেন খুনের পথ। জয়া আহসান সামাজিক মাধ্যমে ট্রেইলারটি শেয়ার করে লিখেছেন, ‘পরিচ্ছন্নতার নেশা যখন হয়ে ওঠে নিখুঁত প্রতিশোধের ব্লুপ্রিন্ট।’

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৬ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ‘ওসিডি’। ২০২১ সালে শুরু হওয়া এই সিনেমা ইতোমধ্যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। সিনেমায় জয়া আহসানের পাশাপাশি আরও অভিনয় করেছেন কৌশিক সেন, অনসূয়া মজুমদার ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মতো গুণী শিল্পীরা। মনস্তাত্ত্বিক লড়াই আর রহস্যের মিশেলে জয়া আহসানের এই নতুন অবতার দর্শকদের মাঝে ইতোমধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।