Home খেলাধুলা সেই মোস্তাফিজই সাতে

সেই মোস্তাফিজই সাতে

8


স্পোর্টস রিপোর্টার

মাঠের বাইরে তাকে নিয়ে তোলপাড় চলছেই। আইপিএল থেকে বাদ পড়া আর ভারতের মাটিতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা- সবমিলিয়ে দেশের ক্রিকেট যখন উত্তাল, তখন একদম চুপচাপ ছিলেন মোস্তাফিজুর রহমান। গত তিন সপ্তাহে গণমাধ্যমে একটি কথাও বলেননি তিনি। লম্বা ছুটিতে থাকা এই ‘কাটার মাস্টার’ অবশেষে নীরবতা ভাঙলেন আইসিসি র‌্যাঙ্কিংয়ে নিজের দাপট দেখিয়ে। আইসিসির সবশেষ হালনাগাদে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি। গতকাল আইসিসি টি-টোয়েন্টি বোলারদের যে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে, তাতে ৬৬৫ রেটিং পয়েন্ট নিয়ে মোস্তাফিজ এখন বিশ্বের সাত নম্বর বোলার। আইপিএলের নিলামে দল পেলেও মোস্তাফিজকে বাদ দেয়া নিয়ে তৈরি হয় নজিরবিহীন পরিস্থিতি। একজন ক্রিকেটারকেই নিরাপত্তা দিতে ভারত ব্যর্থ- এমন অভিযোগে বিসিবি কঠোর অবস্থান নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়। এই ভূ-রাজনৈতিক উত্তাপের কেন্দ্রে ছিলেন মোস্তাফিজ। ভক্তরা তার সমর্থনে সরব হলেও নিজে একটি শব্দও খরচ করেননি। সেই নীরবতার পুরস্কার যেন মিললো আইসিসির র‌্যাঙ্কিংয়ে। বিশ্বকাপের আগমুহূর্তে বাংলাদেশের আর কোনো বোলার সেরা দশে জায়গা পাননি। মোস্তাফিজের পর বাংলাদেশি বোলারদের মধ্যে ১৪ নম্বরে আছেন অফস্পিনার শেখ মেহেদী হাসান (৬৩৪ রেটিং) এবং ১৭ নম্বরে লেগস্পিনার রিশাদ হোসেন (৬১৯ রেটিং)।
বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আধিপত্য ধরে রেখেছেন ভারতের বরুণ চক্রবর্তী (৭৮৭ পয়েন্ট)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে আফগানিস্তানের রশিদ খান (৭৩৭) ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৭০২)। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি (৬৯১) আছেন চার নম্বরে। তবে বড় উন্নতি হয়েছে পাকিস্তানের আবরার আহমেদের, তিনি এক ধাপ এগিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন। এ ছাড়া আফগান স্পিনার মুজিব উর রহমান পাঁচ ধাপ এগিয়ে ৯-এ উঠে এসেছেন। বোলারদের পাশাপাশি ব্যাটারদের তালিকায়ও ভারতের রাজত্ব। ৯২৯ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের শীর্ষে অবস্থান করছেন অভিষেক শর্মা। ক্যারিয়ার সেরা ৯৩১ পয়েন্টের খুব কাছেই আছেন তিনি। দুই নম্বরে থাকা ইংল্যান্ডের ফিল সল্টের সঙ্গে তার পয়েন্টের ব্যবধান এখন ৮০। ভারতের তিলক বর্মা আছেন তিন নম্বরে। এদিকে সূর্যকুমার যাদব ৫ ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছেন। অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তবে নেপালের দীপেন্দ্র সিং আইরি এবং আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই যৌথভাবে ছয় নম্বরে উঠে এসেছেন। বিশ্বকাপের মূল আসর থেকে বাংলাদেশ দল রাজনৈতিক ও নিরাপত্তার কারণে ছিটকে গেলেও র‌্যাঙ্কিংয়ের এই সুসংবাদ মোস্তাফিজ ভক্তদের মনে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে।


সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে এবং ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত বোলিংয়ের ফল এটি। বিশেষ করে সেøায়ার আর কাটারে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করার যে সহজাত দক্ষতা মোস্তাফিজের আছে, তা আরও একবার স্বীকৃত হলো বিশ্বমঞ্চে। মাঠের লড়াইয়ে সরাসরি অংশ নিতে না পারলেও কাটার মাস্টার যে এখনো বিশ্বসেরাদের একজন, আইসিসি র‌্যাঙ্কিং যেন তারই এক প্রচ্ছন্ন ঘোষণা। এই র‌্যাঙ্কিং কেবল একটি সংখ্যা নয়, বরং সামনের দিনগুলোতে বড় আসরে ফেরার জোরালো সংকেত।