স্টাফ রিপোর্টার।।
খুলনা জেলার রূপসা থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুইটি রিভলবার উদ্ধার করেছে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।
র্যাব সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী, মাদক কারবারি ও মামলার আসামিদের গ্রেফতারে র্যাব ফোর্সেস দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাত ৯টা ১০ মিনিটে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা জেলার রূপসা থানাধীন ৩নং নৈহাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সামন্তসেনা পঁচার বটতলা গুচ্ছগ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রিভলবারের মধ্যে একটি যুক্তরাষ্ট্রে তৈরি (Made in USA) Colt Model 1878 Six Shooter Revolver বলে জানায় র্যাব।

র্যাব আরও জানায়, উদ্ধারকৃত দুইটি রিভলবার উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে রূপসা থানায় হস্তান্তর করা হবে।
র্যাব-৬ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









































