Home আঞ্চলিক সংযোগ সড়ক ছাড়াই সেতু নির্মাণ, কারণ জানালেন ঠিকাদার

সংযোগ সড়ক ছাড়াই সেতু নির্মাণ, কারণ জানালেন ঠিকাদার

18


চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর কুলবিলা নামক স্থানে ১৮ মিটার দৈর্ঘ্য ও ৭.৩ মিটার প্রস্থ একটি সেতু নির্মাণ করা হয়েছে। তবে এতে সংযোগ সড়ক না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চলাচলের উপযোগী করা হোক। উপজেলা প্রকৌশলী দপ্তর জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যেই সংযোগ সড়কের কাজ সম্পন্ন করা হবে।
দামুড়হুদা উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর সেতু নির্মাণকাজের টেন্ডার হয়। টেন্ডারে অন্য পূর্ণা ঠিকাদার এন্টারপ্রাইজ কাজ পায়। ২০২৩ সালে ৩ অক্টোবর কাজের ওয়ার্ক অর্ডার হয়। ২০২৪ সালে ২ ফেব্রুয়ারি কাজের নির্ধারিত মেয়াদ শেষ হয়। তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার অনেক পর সেতুর মূল নির্মাণকাজ সম্পন্ন করে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুটি কোনো কাজে আসছে না।
স্থানীয় বাসিন্দা নাসির উদ্দীন বলেন, ‘সেতুর কাজ ৬-৭ মাস আগে শেষ হলেও তা কোনো কাজে আসছে না। দুই মুখের সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় পাশের ডায়ভাসন সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে চরম ভোগান্তি পোহাতে হয়।’
স্থানীয় আরেক বাসিন্দা আব্দুল মান্নান মানা বলেন, ‘সেতুটির কাজ সম্পন্ন হলে ও তার দুই মুখে সংযোগ সড়ক না করার কারণে সেতু কোনো কাজে আসছে না। আমাদের অনেক রাস্তা ঘুরে যাতায়াত করতে হচ্ছে। সংযোগ সড়ক না হলে মাঠের ফসল তোলা নিয়ে সমস্যায় পড়তে হবে। ২-৩ মাইল রাস্তা ঘুরে আলুকদিয়া মোড় হয়ে ফসল আনতে হবে। পাশে খাল থাকায় বর্ষা মৌসুম শুরু হলে পাশের ডায়ভাসন সড়ক ডুবে গেলে চলাচল একেবারে বন্ধ হয়ে যাবে।
এ বিষয়ে ঠিকাদার সোহরাব হোসেন বলেন, ‘সংযোগ সড়কের স্থান অনেক উঁচু এবং নিচে পানি থাকায় কাজ করা সম্ভব হয়নি। পানি শুকিয়ে গেছে। দু-এক দিনের মধ্যেই সংযোগ সড়কের কাজ শুরু করা হবে।’
দামুড়হুদা উপজেলা প্রকৌশলী খালিদ হাসান বলেন, ‘ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই সংযোগ সড়কের কাজ সম্পন্ন হবে। তা নাহলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’