Home খেলাধুলা বান্ধবী ম্যাডিসন কিসকে ছিটকে দিয়ে কোয়ার্টারে পেগুলা

বান্ধবী ম্যাডিসন কিসকে ছিটকে দিয়ে কোয়ার্টারে পেগুলা

8


স্পোর্টস ডেস্ক।।


অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যাডিসন কিসকে সুযোগই দিলেন না জেসিকা পেগুলা। ঘনিষ্ঠ বান্ধবীর বিপক্ষে সরাসরি সেটে (৬-৩, ৬-৪) জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন বিশ্বের ষষ্ঠ বাছাই। তবে এ জয়ের পেছনে অভিনব অনুপ্রেরণাও কাজ করেছে পেগুলার। ম্যাচের পর সেসব জানান এ মার্কিন তারকা নিজেই।

কোর্টের বাইরে পেগুলা ও কিস খুব ভালো বন্ধু। যুক্তরাষ্ট্রের আরও দুই খেলোয়াড় জেনিফার ব্র্যাডি ও ডেসিরে ক্রাউজিককে নিয়ে তারা ‘দ্য প্লেয়ার্স বক্স’ নামের একটি পডকাস্টও পরিচালনা করেন। চতুর্থ রাউন্ডের ম্যাচের আগে দু’জনের মধ্যে একটি চুক্তি হয় যে, হারলে বিজয়ীর ঠিক করা শাস্তি মানতে হবে। পেগুলা হেরে গেলে তাকে ট্র্যাভিস কেলসি/টেইলর সুইফটের সংযুক্ত ক্যানসাস সিটি চিফসের জার্সি গায়ে চাপাতে হতো। এদিকে এনএফএলের দল বাফেলো বিলসের মালিক পেগুলা পরিবার। রাইভাল দলের জার্সি পড়লে সেটি ৩১ বছর বয়সী পেগুলার অস্বস্তির কারণ হতে পারতো।

ম্যাচের পর এ বিষয়ে তিনি বলেন, ‘সেটি আমার জন্য ভয়াবহ হতো। আমার পরিবার বিলসের মালিক, আর চিফস পোস্ট-সিজনে আমাদের বারবার হারিয়েছে। সত্যি বলতে, সেটিই আমাকে বাড়তি অনুপ্রেরণা দিয়েছে।’

অন্যদিকে, কিসের শাস্তি ছিল পেগুলা পরিবারের থ্যাঙ্কসগিভিং খাবার, আপেল পাইয়ের উপর গলানো চেডার চিজ খাওয়া। হারের পর ৩০ বছর বয়সী কিস বলেন, ‘বাজি যখন ধরা হয়েছে, তখন মানতেই হবে। যতটা খারাপ ভাবছি, আশা করি ততটা হবে না।’

কোর্টে শুরু থেকেই আধিপত্য দেখান পেগুলা। দ্রুতই এগিয়ে যান তিনি। কিস আর ম্যাচে ফিরতে পারেননি। হারের পরও আত্মবিশ্বাসী কন্ঠে কিস বলেন, ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে চাপ সামলে যেভাবে খেলেছি, তাতে আমি গর্বিত। আজকের দিনে জেস (পেগুলা) আমাকে হারিয়েছে, আমি মাথা উঁচু করেই কোর্ট ছাড়ছি।’

সেমিফাইনালের লড়াইয়ে আগামী বুধবার স্বদেশিনী আমান্ডা আনিসিমোভা বিপক্ষে নামবেন পেগুলা।