খুলনাঞ্চল রিপোর্ট।।
মাথা থেকে পা পর্যন্ত শরীর জুড়ে লাগানো পাকা ধান। দূর থেকে দেখলে মনে হয়, বিএনপি’র নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ যেন জীবন্ত হয়ে রাজপথে নেমে এসেছে। ভিন্নধর্মী এই সাজে বিএনপি’র জনসমাবেশে হাজির হয়ে সবার নজর কেড়েছেন কৃষক দলের দুই কর্মী। ব্যতিক্রমী এই উপস্থিতি মুহূর্তেই সমাবেশস্থলে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের মনোযোগের কেন্দ্রে পরিণত হয়। রোববার নগরের সিআরবি সাত রাস্তার মোড়ে কথা হয় তাদের সঙ্গে। এই দুই কর্মী হলেন, চট্টগ্রামের মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন থেকে আসা নেপাল চন্দ্র দাশ ও সাইদুল ইসলাম।
স্লোগান দিচ্ছিলেন তারেক রহমানের পক্ষে। আশপাশে ভিড় করা নেতাকর্মীদের চোখে তখন উচ্ছ্বাস। নেপাল চন্দ্র দাশ বলেন, ‘ধান আমাদের জীবন, আমাদের অস্তিত্ব। সেই ধান শরীরে ধারণ করেই আমরা রাজপথে নেমেছি- এটাই আমাদের ভালোবাসা’। সাইদুল ইসলাম বলেন, ‘আমরা কৃষক দলের রাজনীতি করি। মাঠে যেমন লড়াই করি, রাজনীতিতেও তেমনি লড়াই করি। সমাবেশে এসেছি ধানের চারা নিয়ে। কারণ ভোটের অধিকারের এই আন্দোলনের শিকড় কৃষকের মাটি রক্ষার জন্যই’। মীরসরাই উপজেলা কৃষক দলের সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান বলেন, নেপাল চন্দ্র দাশ ও সাইদুল ইসলাম আমাদের গর্ব। তারা প্রতিটি সভা-সমাবেশে শরীরে ধানের ছড়া লাগিয়ে অংশ নেন। সমাবেশে ওয়াহেদপুর ইউনিয়ন কৃষক দলের প্রায় ৫০০ নেতাকর্মী যোগ দিয়েছেন। ধানের প্রতীক শুধু একটি ফসল নয়- এটি কৃষকের আত্মপরিচয় ও আন্দোলনের শক্তি। দীর্ঘ প্রায় দুই দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রামে আগমন ও জনসমাবেশকে ঘিরে বন্দরনগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। রোববার সকাল থেকেই নগরের পলোগ্রাউন্ড মাঠে পায়ে হেঁটে বা মিছিল করে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। জনসমাবেশস্থল ও এর আশপাশ ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে।
দলীয় সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। সেখান থেকে তিনি সরাসরি নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে যান এবং সেখানেই রাত্রিযাপন করেন। গতকাল সকাল সাড়ে ৯টায় তিনি তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেন। এরপর বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠের জনসমাবেশে যোগ দেন তিনি। চট্টগ্রাম সফর শেষে তিনি ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেন। এদিকে জনসমাবেশ উপলক্ষে চট্টগ্রাম নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা বলয়ে (রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন) ভাগ করা হয়েছে।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিতে চট্টগ্রামে গিয়েছিলেন। সে সময় তিনি নগরীর লালদীঘি ময়দানের জনসভায় ভাষণ দিয়েছিলেন।











































