স্পোর্টস রিপোর্টার
প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। গতকাল ব্যাংককে টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা উৎসব করেন সাবিনা খাতুন-কৃষ্ণা রানীরা। একাই চার গোল করেন অধিনায়ক সাবিনা। দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত লীগ পদ্ধতির এই টুর্নামেন্টে ৬ ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ড্র করলেই চ্যাম্পিয়ন- এমন সমীকরণ নিয়ে ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে খেলতে নেমে প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ছিলেন সাবিনারা। যদিও ম্যাচে প্রথম গোল করে মালদ্বীপ। তৃতীয় মিনিটে গোলরক্ষক স্বপ্না আক্তার ও ডিফেন্ডার মাসুরা পারভীনের ভুল বোঝাবুঝিতে বল যায় বাংলাদেশের জালে। তবে সমতাসূচক গোল পেতে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি বাংলাদেশকে। ম্যাচের পঞ্চম মিনিটে সরাসরি ফ্রি-কিক থেকে গোল করেন সাবিনা খাতুন। এর এক মিনিট পর পেনাল্টি পায় বাংলাদেশ। তবে এই সুযোগ সাবিনা কাজে লাগাতে পারেননি। ১৩তম মিনিটে আবার ফ্রি কিক পায় বাংলাদেশ। এবার আর ভুল করেননি সাবিনা, সরাসরি শটে জাল কাঁপান অধিনায়ক, বাংলাদেশও ম্যাচে এগিয়ে যায় ২-১ ব্যবধানে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি মালদ্বীপ। একের পর এক গোল হজম করে ভারত মহাসাগরস্থ দ্বীপ দেশের ফুটসাল
দলটি। ২০ মিনিট দৈর্ঘ্যের প্রথমার্ধে আরও চার গোল করে বাংলাদেশ। ৬-১ স্কোরলাইনে সাবিনার মতো জোড়া গোল করেন লিপি আক্তারও। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ করে ৮ গোল। এর মধ্যে ম্যাচের ২২তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। এক মিনিট পর বাংলাদেশকে অষ্টম গোলটি এনে দেন মাতসুশিমা সুমাইয়া। ২৬ মিনিটে সাবিনা নিজের নামের পাশে আরেকটি গোল যোগ করেন। ম্যাচ শেষ হওয়ার আগে মালদ্বীপকে আরও পাঁচ গোল দেয় বাংলাদেশ। ১০ ও ১১ নম্বর গোলটি করেন নিলুফা ইয়াসমিন ও লিপি আক্তার। ৩১ মিনিটে কৃষ্ণা উদ্যাপন করেন বাংলাদেশের ১২তম গোল। শেষ দুই গোল করেন মেহেরুন আক্তার ও মাসুরা। আসরে সর্বোচ্চ ১৪ গোলের কীর্তি সাবিনা খাতুনের। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক ৭ গোল করেছেন বাংলাদেশের কৃষ্ণা রানী সরকার। ছয় ম্যাচে বাংলাদেশ ৩৮ গোল করেছে, এর বিপরীতে মাত্র ৯ গোল হজম করেছে। টুর্নামেন্টজুড়ে গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি দুর্দান্ত খেলেছেন। সাফ নারী ও পুরুষ ফুটসাল উভয় টুর্নামেন্টে সাতটি দল অংশগ্রহণ করে। বাংলাদেশ পুরুষ ফুটসাল দল তৃতীয়ও হতে পারেনি। ইতিহাস গড়ার পর
সাফের ফেসবুক পেইজে পোস্ট করা ভিডিওতে ফুটসাল নিয়ে দারুণ অভিজ্ঞতার কথা জানান মাতসুশিমা সুমাইয়া। সমর্থকদের ধন্যবাদ জানিয়ে প্রথম সাফ ফুটসাল জয় নিয়ে সুমাইয়া বলেন, ‘মালদ্বীপের বিপক্ষে আজ (গতকাল) আমাদের শেষ ম্যাচ ছিল। এই প্রতিযোগিতা আয়োজনের জন্য সাফকে ধন্যবাদ। সব মিলিয়ে আমার অভিজ্ঞতা ছিল চমৎকার। এখানে অনেক প্রতিভাবান খেলোয়াড় পেয়েছি, যাদের বিপক্ষে খেলতে পেরে আনন্দিত। আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়নশিপ জিতেছি। খেলোয়াড়, কোচিং স্টাফ, ফিজিও এবং সমর্থক, যাঁরা আমাদের সমর্থন করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন জয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অধিনায়ক সাবিনা খাতুনও। মালদ্বীপ ম্যাচ শুরুর আগে সাবিনা ফেসবুক পোস্টে লেখেন, ‘একটা লড়াই বাকি। সব হৃদয় (একসঙ্গে), কোনো ভয় নেই। বাংলাদেশ বনাম মালদ্বীপ। বাংলাদেশ সময় ১০টায় (খেলা)। আমাদের প্রার্থনায় রাখবেন।’ মালদ্বীপকে হারিয়ে শিরোপা জয়ের পর লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’










































