স্টাফ রিপোর্টার।।
ভবন ও শ্রেণিকক্ষের তীব্র সংকটে পড়েছে খুলনা অঞ্চলের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলো। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, কোথাও আবার টিনশেডে গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। নতুন ভবন নির্মাণের উদ্যোগ থাকলেও কাজের ধীরগতিতে বাড়ছে শঙ্কা, ব্যাহত হচ্ছে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম।
খুলনা নগরীর শিশু মাধ্যমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাধ্য হয়ে বিদ্যালয় চত্বরে অস্থায়ী টিনশেডে ক্লাস করছে শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির কুমার মন্ডল বলেন, এই স্কুলটি খুলনার একটি ঐতিহ্যবাহী স্কুল। স্কুলের একমাত্র ভবনটি দুই বছরেরও বেশি সময় ধরে পরিত্যক্ত। এ অবস্থায় আমরা পাশেই টিনশেড তৈরি করে পাঠদান করছি। এতে সংকট কাটছে না। অল্প জায়গায় শিক্ষার্থীদের ক্লাস, পাশাপাশি শিক্ষকদেরও বসতে হয়।
গরমকালে শিক্ষার্থীদের ক্লাস করতে যেমন কষ্ট হয়, তেমন শিক্ষকদের ক্লাস নিতেও কষ্ট হয় বলেও জানান তিনি।
একই চিত্র খুলনা নগরীর মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়েও। প্রায় ৯ শতাধিক শিক্ষার্থীর এই বিদ্যালয়ের তিনতলা ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে।
বিদ্যালয়ের শিক্ষক মাহমুদ হাসান জানান, তিন তলা ভবনের তৃতীয় তলা ঝুকিপূর্ণ হওয়ায় এক বছর আগে সেখানে পাঠদান কার্য্যক্রম বন্ধ রয়েছে। ক্লাস রুমে অনেক শিক্ষার্থীকে গাদাগাদি করে বসতে হয়। অনেক সময় উপরের ছাদ থেকে প্লাস্টার খসে পড়ে। আমাদের স্কুলে নতুন একটা ভবন প্রয়োজন।
শিক্ষার্থীরাও সংকটের কথা জানাচ্ছেন। নবম শ্রেণির শিক্ষার্থী রাফি বলেন, ‘ক্লাসরুম ছোট, বেঞ্চ-ডেস্ক কম। ঠিকমতো বসে পড়া যায় না।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, পুরো জেলায় শতাধিক বিদ্যালয়ে নতুন ভবন বা অতিরিক্ত শ্রেণীকক্ষের প্রয়োজন রয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদফতরের হিসাবে, শতাধিক স্কুলে ভবন নির্মাণ ও ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ চলমান থাকলেও অনেক জায়গায় কাজের গতি খুব ধীর, কোথাও আবার নির্মাণ বন্ধ। এতে তৈরি হয়েছে তীব্র শ্রেণীকক্ষ সংকট, ঝরে পড়ার ঝুঁকিতে পড়ছে শিক্ষার্থীরা।
জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান বলেন, সংকটের বিষয়টি বার বার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে জানানো হচ্ছে। দ্রুত কাজ শেষ না হলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়বে।
তবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনার সহকারী প্রকৌশলী গৌতম মজুমদার দাবি করেন, কাজের গতি বাড়ানো হয়েছে। নতুন প্রকল্পে আরও শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ ও সংস্কার কাজ যুক্ত হবে। মাধ্যমিকের পাশাপাশি প্রাথমিক শিক্ষাতেও একই অবস্থা।
বিভাগীয় উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম জানান, পুরো জেলায় পাঁচ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের প্রয়োজন রয়েছে। তিনি আশা প্রকাশ করেন আগামী জুনে নতুন বাজেটে এসব বিদ্যালয়ের ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হবে।
খুলনা জেলায় বর্তমানে ৪৩৭টি সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রায় এক হাজার একশটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অবকাঠামোগত এই সংকট দ্রুত সমাধান না হলে শিক্ষার মান ও শিক্ষার্থীদের নিরাপত্তা দুটোই বড় ঝুঁকিতে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।











































