স্টাফ রিপোর্টার।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর প্রথম দিনেই খুলনার ৬টি আসনে প্রচার প্রচারণায় নেমে পড়েছেন বিএনপি প্রার্থীরা। সকাল থেকেই দলীয় প্রতীক নিয়ে নির্বাচনী সভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন প্রার্থীরা।
সকাল ১১টায় খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর ফেরিঘাট মোড় এলাকা থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেন। দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি নির্বাচনী গণসংযোগ শুরু করেন। এর আগে ফেরীঘাট মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে ব্যবসা প্রতিষ্ঠান এবং পথচারিদের মধ্যে ধানের শীষ ও নির্বাচনী প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করেন।
নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে নির্বাচনী সমাবেশে যোগ দেন। গণসংযোগ শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, নির্বাচনী পরিবেশ খুবই চমৎকার, তবে এই শহরে আইন শঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। যৌথ বাহিনীকে আরও কঠোর হতে হবে নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে।
এদিকে খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন,গত এক মাসে সারা দেশে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে এটা স্পষ্ট—জনগণ তাদের আগামী দিনের নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকেই বেছে নিতে প্রস্তুত।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রূপসার সেনের বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা, লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের বিজয় সুনিশ্চিত হলে ইনশাআল্লাহ খুলনা-৪ আসনকে একটি আদর্শ, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত মডেল এলাকায় রূপান্তর করা হবে। স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসাসেবার মানোন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। সবচেয়ে বড় সুখবর—ভৈরব নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণ করা হবে।
নির্বাচনের পরিবেশ নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন,ভোটের মাঠে পরিবেশ নেই কিংবা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই—এমন অভিযোগ অমূলক। রূপসা, তেরখাদা ও দিঘলিয়াসহ পুরো খুলনার মানুষ একটি প্রতিযোগিতামূলক নির্বাচনে অংশ নিচ্ছে। কিছু দল নিশ্চিত পরাজয় বুঝে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে।











































