Home খেলাধুলা দুর্দান্ত প্রত্যাবর্তনে বার্সার জয়

দুর্দান্ত প্রত্যাবর্তনে বার্সার জয়

7


স্পোর্টস ডেস্ক

খেলার শুরুর দিকে গোল হজম করলেও দারুণ মানসিকতা ও আক্রমণাত্মক ফুটবলে ম্যাচে ফিরেছে বার্সেলোনা। চেক প্রজাতন্ত্রে স্লাভিয়া প্রাহাকে ৪-২ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় সরাসরি ওঠার স্বপ্ন জিইয়ে রাখল হান্সি ফ্লিকের দল।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে দশম মিনিটেই পিছিয়ে পড়ে লা লিগা চ্যাম্পিয়নরা। কর্নার থেকে আসা বলে ভাসিল কুসেইয়ের পা ছোঁয়ায় বল জালে জড়ায়। তবে সেই ধাক্কা দ্রুতই সামলে নেয় বার্সা।

৩৪তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস থেকে বক্সে ঢুকে কোনাকুনি শটে সমতা ফেরান ফের্মিন লোপেস। আট মিনিট পর পেদ্রির পাস পেয়ে বক্সের বাইরে থেকে জোরাল শটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

কিন্তু প্রথমার্ধ শেষের ঠিক আগে আবার সমতায় ফেরে স্লাভিয়া। কর্নার থেকে আসা হেড লেভানদোভস্কির কাঁধে লেগে আত্মঘাতী গোলে পরিণত হয়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় বার্সেলোনা। ৬১তম মিনিটে বদলি হিসেবে নামা দানি ওলমো এক মিনিটের মধ্যেই দুর্দান্ত গোল করে দলকে আবার এগিয়ে দেন। বক্সের বাইরে থেকে তার জোরাল শট গোলরক্ষকের নাগালের বাইরে চলে যায়।

৭০তম মিনিটে জয় নিশ্চিত করেন রবার্ত লেভানদোভস্কি। মার্কাস র‌্যাশফোর্ডের কাট-ব্যাক থেকে বল পেয়ে কাছ থেকে টোকায় গোল করেন পোলিশ স্ট্রাইকার।

এরপর রাফিনিয়া ও র‌্যাশফোর্ডের আরও কয়েকটি প্রচেষ্টা ঠেকিয়ে ব্যবধান আর বাড়তে দেননি স্লাভিয়ার গোলরক্ষক। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ে সাত ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বার্সা। সমান পয়েন্টে রয়েছে তাদের আশপাশের আরও কয়েকটি দল। প্রথম পর্বে বাকি আছে মাত্র এক রাউন্ড। ৩৬ দলের আসরে শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোয় উঠবে, আর নবম থেকে ২৪তম দলগুলো খেলবে প্লে-অফ।

নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারেননি বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। তবু গুরুত্বপূর্ণ এই জয় বার্সেলোনার আত্মবিশ্বাস বাড়াল বলেই মনে করছেন সমর্থকরা।