Home খেলাধুলা কেইনের জোড়া গোলে শেষ ষোলো নিশ্চিত করল বায়ার্ন

কেইনের জোড়া গোলে শেষ ষোলো নিশ্চিত করল বায়ার্ন

10


স্পোর্টস ডেস্ক।।
উয়েফা চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত পারফরম্যান্সে শেষ ষোলোয় খেলা নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ। বুধবার বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সাঁ জিলোয়াজকে ২-০ গোলে হারাতে বড় ভূমিকা রাখেন দলটির সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ইংল্যান্ড অধিনায়ক। ৫২তম মিনিটে মাইকেল ওলিসের কর্নার থেকে নিকট পোস্টে হেড করে বায়ার্নকে এগিয়ে দেন কেইন। তিন মিনিট পর নিজেই ফাউলের শিকার হয়ে পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান তিনি।

৮০তম মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি কেইন। দ্বিতীয় পেনাল্টিতে নেওয়া তার জোরাল শট ক্রসবারে লেগে ফিরে আসে।

এদিকে ৬৪তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বায়ার্ন ডিফেন্ডার কিম মিন-জায়ে। ১০ জনের দলে পরিণত হলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখে জার্মান জায়ান্টরা।

এই জয়ে লিগ পর্বে এক ম্যাচ বাকি থাকতেই ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বায়ার্ন মিউনিখ। ফলে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোয় খেলা নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম অনুযায়ী, শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোয় উঠবে, আর পরের ১৬ দল খেলবে প্লে-অফ।