Home খেলাধুলা মোনাকোর জালে রিয়ালের গোল উৎসব

মোনাকোর জালে রিয়ালের গোল উৎসব

7


স্পোর্টস ডেস্ক

দুর্দান্ত পারফরম্যান্সে মোনাকোকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে সান্তিয়াগো বার্নাব্যুতে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে, চোখধাঁধানো একক গোলের পাশাপাশি দুইটি অ্যাসিস্ট করেন ভিনিসিয়ুস জুনিয়র।

এই বড় জয়ে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। সমান পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে বায়ার্ন মিউনিখ, আর শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে রিয়াল পিছিয়ে ছয় পয়েন্টে। এতে করে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোয় ওঠার পথ আরও মসৃণ হলো কার্লো আনচেলত্তির দলের।

অন্যদিকে, ৯ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে থাকা মোনাকোর সামনে এখনো নকআউট পর্বের প্লে-অফে ওঠার সুযোগ রয়েছে।

ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের খাতা খোলেন এমবাপ্পে। ২৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। দ্বিতীয়ার্ধ শুরুর ছয় মিনিট পর তৃতীয় গোলটি করেন ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো।

৫৫তম মিনিটে ভিনিসিয়ুসের ক্রস প্রতিহত করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান মোনাকো ডিফেন্ডার থিলো কেহরার। এরপর ৬৩তম মিনিটে তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতর থেকে দুর্দান্ত শটে গোল করে ম্যাচের সেরা খেলোয়াড়ের পারফরম্যান্স পূর্ণতা দেন ভিনিসিয়ুস জুনিয়র।

৭২তম মিনিটে জর্ডান তেজের গোলে একটি গোল শোধ দেয় মোনাকো। তবে ৮০তম মিনিটে বক্সের ভেতর থেকে গোল করে রিয়ালের বড় জয়ে শেষ কথা বলেন জুড বেলিংহাম।