Home খেলাধুলা ম্যানসিটিকে হারিয়ে বোডো/গ্লিম্টের ইতিহাস

ম্যানসিটিকে হারিয়ে বোডো/গ্লিম্টের ইতিহাস

4


স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে বড় ধরনের অঘটন ঘটিয়েছে নরওয়ের ক্লাব বোডো/গ্লিম্ট। ঘরের মাঠে শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতাটিতে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নেয় তারা। এই জয়ে নকআউট পর্বে ওঠার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল আর্কটিক সার্কেলের ভেতরে অবস্থিত ক্লাবটি।

ম্যাচের প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ডেনিশ স্ট্রাইকার কাসপার হঘ দ্রুত দুই গোল করে বোডো/গ্লিম্টকে এগিয়ে দেন। এরপর ৫৮তম মিনিটে জেন্স পেটার হাউগে দারুণ এক বাঁকানো শটে তৃতীয় গোলটি করে স্বাগতিকদের অবিশ্বাস্য জয়ের পথে নিয়ে যান।

৬০তম মিনিটে রায়ান শেরকির গোলে একটি গোল শোধ দেয় ম্যানচেস্টার সিটি। তবে মাত্র দুই মিনিট পরপর দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন দলের অধিনায়ক রদ্রি। এতে সিটির সম্ভাব্য কামব্যাক পুরোপুরি ভেস্তে যায়।

সপ্তাহের বাকি ম্যাচগুলো শুরুর আগে ৩৬ দলের লিগ টেবিলে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, বোডো/গ্লিম্ট ২৬তম স্থানে রয়েছে, নকআউট প্লে-অফের যোগ্যতা থেকে মাত্র দুই পয়েন্ট দূরে।