ঢাকা অফিস।।
পোস্টাল ব্যালট নিয়ে প্রশ্ন ওঠায় ভোট প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। তারা বলছেন, এ নিয়ে নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলেন, আস্থা ফেরাতে না পারলে ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট গ্রহণযোগ্যতা হারাবে। এদিকে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন এনে প্রার্থীর নামসহ প্রতীক যুক্ত করতে যাচ্ছে ইসি।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন নিবন্ধন করেছেন। নিবন্ধিত প্রায় ৮ লাখ প্রবাসী বাংলাদেশি ভোটারের জন্য ১২২টি দেশে ব্যালট পৌঁছে দিয়েছে ইসি।
ব্যালট পৌঁছানোর পরই ঘটে বিপত্তি। মার্কিন যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন, ওমান, কুয়েতসহ কয়েকটি দেশে একই ঠিকানায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া বিএনপির ধানের শীষ প্রতীক ভাঁজের স্থানে থাকায় শুরু হয় বিতর্ক। পাল্টাপাল্টি অভিযোগ তোলে রাজনৈতিক দলগুলো।
বিশ্লেষকরা বলছেন, এমন বিতর্ক এড়াতে পারতো ইসি। এর দায় নিতে হবে নির্বাচন কমিশনকেই।
নির্বাচন বিশ্লেষক আব্দুল আলীম বলেন, একজনের হাতে ১০টা ব্যালটের খাম গেল আর সে সবগুলো ভোট দিয়ে দিবে। এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু কতগুলো চ্যানেলে কিছু মেসেজ দিতে হবে। অনলাইন প্লাটফর্ম সেখানে কন্স্যুলেট হাই কমিশন এম্বেসি তাদের মাধ্যমে একই সঙ্গে বাঙালি কমিউনিটি যারা আছে তাদের তো নানারকম গ্রুপ আছে এসোসিয়েশন আছে তাদের মাধ্যমে যে এগুলো থেকে যেন তারা বিরত থাকে।
ব্যালট নিয়ে প্রশ্ন ওঠায় ভোট প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তারা বলছেন, ইসির নিরপেক্ষতার প্রশ্নে আস্থাহীনতা তৈরি হয়েছে। এটি ফিরিয়ে আনতে না পারলে ভোটের গ্রহণযোগ্যতা হারাবে ইসি।
আব্দুল আলীম আরও বলেন, এক ধরনের রিউমার ছড়িয়ে গেছে এটা নিয়ে এক ধরনের ল্যাক অফ ট্রাস্ট তৈরি হয়েছে।প্রথমবারের মতো আমরা যে প্রবাস বডিং এ যাত্রা শুরু করলাম এটা গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, সামগ্রিকভাবে আমি যদি বলি তো আমার কাছে মনে হয় আসলে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ হয়েছে। কারণ নির্বাচনের কয়েক সপ্তাহ বাকি আছে। এর মধ্যেই যদি এই ধরনের ঘটনা ঘটে সেই ক্ষেত্রে তাদের যে কর্মসম্পাদন সামর্থ্যের বিষয়ে প্রশ্ন উত্থাপন হতে পারে।
এমন বিতর্কের মুখে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ নিয়ে কথা বলতে চাইলে সচিবসহ কমিশনের কেউই কথা বলেননি।
তবে কমিশনার রহমানেল মাছউদ জানান, বিদেশে পুনরায় ব্যালট পাঠানোর সুযোগ নেই। বিদেশের জন্য পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন হবে না। তবে দেশের জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি নরমাল ব্যালট। প্রার্থীর নামসহ মার্কা থাকবে।
প্রতীক বরাদ্দের পরই দেশের ভেতরে নিবন্ধনকৃতদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করবে ইসি।











































