Home Lead কয়রা-পাইকগাছা নিয়ে গঠিত খুলনা-৬ আসনে ৮৩% কেন্দ্র ঝুঁকিতে

কয়রা-পাইকগাছা নিয়ে গঠিত খুলনা-৬ আসনে ৮৩% কেন্দ্র ঝুঁকিতে

24

খুলনাঞ্চল রিপোর্ট।।


খুলনা জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে উপকূলীয় উপজেলা কয়রা ও পাইকগাছা নিয়ে গঠিত খুলনা-৬ আসনে ঝুঁকি সবচেয়ে বেশি। আসনটির ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১২৯টিতে ঝুঁকি দেখছে পুলিশ। এ ঝুঁকির হার প্রায় ৮৩ শতাংশ। ভোটকেন্দ্রভিত্তিক ঝুঁকি পর্যালোচনা-বিষয়ক এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। গত অক্টোবর মাসে খুলনা জেলা ও মহানগর পুলিশ পৃথকভাবে ৬টি আসনের ৮৪০টি কেন্দ্র নিয়ে এ প্রতিবেদন তৈরি করে।

দেখা গেছে, খুলনার ৬টি আসনের ৮৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬৬টিতে ঝুঁকি রয়েছে; ৬৭ দশমিক ৩৮ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে খুলনা-৬ আসন; ৮৩ দশমিক ২২ শতাংশ। সবচেয়ে কম ঝুঁকি খুলনা মহানগরীর ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ড এবং আড়ংঘাটা ও যোগীপোলের একাংশ নিয়ে গঠিত খুলনা-৩ আসনে। আসনটির ৪৯ দশমিক ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিতে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আনিসুজ্জামান জানান, ভোটকেন্দ্রটির যোগাযোগ ব্যবস্থা কেমন; অবস্থান দুর্গম এলাকায় কিনা; ইতোপূর্বে ওই কেন্দ্রে কখনও গোলযোগ হয়েছে কিনা; কেন্দ্রের আশপাশে প্রভাবশালী কোনো ব্যক্তির বাড়ি কিনা; ভোটকেন্দ্রের চারপাশে সীমানা প্রাচীর অথবা অপরাধ করে দ্রুত সটকে পড়ার আশঙ্কা কেমন– এসব বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের তালিকা করা হয়। নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে– এ ধারণা পাওয়ার জন্য কয়েক মাস আগে থানার ওসি সরেজমিন পরিদর্শন করে এ তালিকা তৈরি করেন।

পুলিশ প্রতিবেদনে দেখা গেছে, খুলনা-১ আসনে ১১৫টি কেন্দ্রের মধ্যে ৭৬টি, খুলনা-২ আসনে ১৫৭টি কেন্দ্রের মধ্যে ১০৫টি, খুলনা-৩ আসনের ১৫৫টি কেন্দ্রের মধ্যে ৭৭টি, খুলনা-৪ আসনের ১৪৪টি কেন্দ্রের মধ্যে ৯৫টি এবং খুলনা-৫ আসনের ১৫০টি কেন্দ্রের মধ্যে ৮৩টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে।
খুলনা-৬ আসনের বিএনপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পী জানান, একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর ছাড়া উদ্বেগজনক কিছু ঘটেনি। প্রচার শুরুর পর পরিস্থিতি বোঝা যাবে। আইনশৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, নগরী থেকে সবচেয়ে দূরের উপজেলা কয়রা, এরপর পাইকগাছা। অনেক ভোটকেন্দ্র দুর্গম এলাকায়। এ কারণে আসনটির বেশির ভাগ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়েছে। ওই এলাকায় পুলিশ-আনসারের সঙ্গে বিজিবি, কোস্টগার্ড, নৌবাহিনী এবং পৌর এলাকায় সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা সাজাতে ভোটকেন্দ্র গুরুত্বপূর্ণ ও সাধারণ দুই ভাগে ভাগ করা হয়। গুরুত্বপূর্ণ কেন্দ্র বেশি হলে দুশ্চিন্তার কিছু নেই।


খুলনা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, এবারের ভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে এমন সব পদক্ষেপ নেওয়া হয়েছে, যা আগে কখনও হয়নি। এর মধ্যে রয়েছে ভোটকেন্দ্রে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন তাদেরপ্রশিক্ষণ, ভোটকেন্দ্রে ক্যামেরা সংযোজন এবং পুলিশের শরীরে ‘বডি ক্যামেরা’ সংযোজন।
তিনি জানান, ইতোমধ্যে ৯৫ ভাগ পুলিশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বডি ক্যামেরাও চলে এসেছে। সেগুলোর ট্রায়াল চলছে। অন্যান্য বাহিনীর সঙ্গে আগে এক দফা বৈঠক হয়েছে, সামনে আরও হবে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।-সমকাল