Home খেলাধুলা ভারত বিশ্বকাপে ভিসা জটিলতায় পাকিস্তান বংশোদ্ভূত ৪২ ক্রিকেটার

ভারত বিশ্বকাপে ভিসা জটিলতায় পাকিস্তান বংশোদ্ভূত ৪২ ক্রিকেটার

8


স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ভিসা জটিলতায় পড়েছে একাধিক দেশ। বিভিন্ন দলের হয়ে খেলা পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতে প্রবেশের ভিসা পেতে সমস্যা হচ্ছে বলে জানা গেছে। তবে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিষয়টি সমাধানে আইসিসি চেয়ারম্যান জয় শাহের নেতৃত্বে তৎপর হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

জানা যায়, ইংল্যান্ডের আদিল রশিদ, রেহান আহমেদ ও সাকিব মাহমুদ, যুক্তরাষ্ট্রের আলি খান ও শায়ন জাহাঙ্গির, নেদারল্যান্ডসের জুলফিকর সাকিবসহ বেশ কয়েকজন ক্রিকেটার পাক–বংশোদ্ভূত। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও কানাডার দলেও এমন ক্রিকেটার রয়েছেন। সব মিলিয়ে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রায় ৪২ জন পাক-বংশোদ্ভূত ক্রিকেটারের অংশগ্রহণের কথা রয়েছে।

এ নিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভিসা প্রক্রিয়ায় যাতে কোনো ধরনের জটিলতা না তৈরি হয়, সে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইসিসি। ইতিমধ্যে ইংল্যান্ডের আদিল রশিদ, রেহান আহমেদ ও সাকিব মাহমুদ ভিসা পেয়ে গেছেন। নেদারল্যান্ডসের এক ক্রিকেটার এবং কানাডার সাপোর্ট স্টাফ শাহ সালিম জাফরও ভিসা সংগ্রহ করেছেন। বাকি ক্রিকেটারদের ভিসা দ্রুত নিশ্চিত করার চেষ্টা চলছে এবং আগামী সপ্তাহের শুরুতেই তারা ভারতে প্রবেশের অনুমতি পাবেন বলে আশা করা হচ্ছে।

ভারতের ভিসা নীতি অনুযায়ী, আবেদনকারীকে জন্মসূত্রে যে দেশের নাগরিক, সেই দেশের পাসপোর্ট ব্যবহার করেই ভিসার আবেদন করতে হয়। ফলে অনেক ক্রিকেটারকে পাকিস্তানের পাসপোর্টে আবেদন করতে হয়েছে, যা থেকেই মূলত জটিলতার সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে আইসিসি বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, যাতে নথিপত্রজনিত কারণে কোনো ক্রিকেটারের ভিসা আটকে না যায়।

অতীতে এমন উদাহরণ রয়েছে। ২০১৯ সালে পাক-বংশোদ্ভূত সিকান্দার ও সাকিব জুলফিকর এবং ২০২৩ সালে শিরাজ আহমেদ ভারতে খেলতে আসার ভিসা পাননি। আবার ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা এবং ২০২৪ সালে ইংল্যান্ডের রেহান আহমেদ ও শোয়েব বশিরকেও ভিসা জটিলতায় পড়তে হয়েছিল। এবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে বিশেষভাবে নজর রাখছে জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি।