স্পোর্টস ডেস্ক।।
আফগানিস্তানের প্রথম কোনো ব্যাটার হিসেবে বিপিএলে সেঞ্চুরি করেছিলেন হাসান ইসাখিল। তবে তাকে ম্লান করে দিলেন তৌহিদ হৃদয়। ফিরতি ইনিংসে দুর্দান্ত শতকে রংপুর রাইডার্সকে জেতালেন এই তরুণ। ২ বল হাতে রেখে ৮ উইকেটে রংপুরের কাছে হেরে আসর শেষ করল নোয়াখালী এক্সপ্রেস।
আসরে এটি রংপুরের ষষ্ঠ জয়। অন্যদিকে ১০ ম্যাচে অষ্টম হার নিয়ে মাঠ ছাড়ল নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলে অভিষিক্ত দলটির প্রথম মৌসুম এখানেই শেষ হয়ে গেল। আগেই প্লে–অফ নিশ্চিত করা রংপুর এখন প্রথম কোয়ালিফায়ারে খেলার অপেক্ষায়, যার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আজ চট্টগ্রাম–ঢাকা ম্যাচের ফলাফলের পর।
রবিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আফগান সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীর ছেলে ইসাখিল আজ ৭২ বলে ১০৭ রানে অপরাজিত ইনিংস খেলেন। প্রথমে ব্যাট করা নোয়াখালী ২০ ওভারে ২ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ পায়। জবাবে হৃদয়ের ৬৩ বলে ১০৯ রানে ইনিংসে ভর করে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।
১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটাই অসাধারণ করে রংপুর। ৮.১ ওভারে উদ্বোধনী জুটিতে ৭৮ রান তোলেন দাউদ মালান ও হৃদয়। মালান অবশ্য ১৭ বলে ১৫ রান করে জহির খানের বলে বিদায় নেন।
তবে ইনিংসের শেষ দিকে আউট হলেও দলের জয় প্রায় নিশ্চিত করেই মাঠ ছাড়েন হৃদয়। তিনি ৫৭ বলে সেঞ্চুরির পর ১০৯ রানে শেষ করেন। হাসান মাহমুদের বলে বোল্ড হওয়া এই ব্যাটার ১৫টি চার ও ২টি ছক্কা হাঁকান। এছাড়া অধিনায়ক লিটন দাস ৩৫ বলে ৩৯ করে অপরাজিত থাকেন।
আসরের ২৯ ও নিজেদের শেষ ম্যাচে মাঠে নামে নোয়াখালী। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া দলটি টস হেরে ব্যাট করতে নামে। তবে ধীর গতির ব্যাট করা নোয়াখালীর রহমত আলী ও জাকের আলী দ্রুত বিদায় নেন।
এরপর তৃতীয় উইকেট জুটিতে পাকিস্তানের হায়দার আলীর সঙ্গে হাল ধরেন ইসাখিল। তারা ৭৪ বলে ১৩৭ রান তুলে অবিচ্ছিন্ন থাকেন।
নোয়াখালীর ১৫ ওভার শেষে রান ছিল ২ উইকেটে ৯৮। তবে পরের পাঁচ ওভারে দলটি করেছে ৭৫ রান। যার মধ্যে ২৮ রানই আকিফ জাভেদের করা শেষ ওভার থেকে এসেছে।
হাসান ইসাখিল ইনিংস ওপেন করতে নেমে মাঠ ছেড়েছেন ৭২ বলে ১০৭ রানে অপরাজিত থেকে। তিনি ফিফটি করতে খেলেছিলেন ৫০ বল, তবে পরের পঞ্চাশ করেছেন মাত্র ২০ বলে। হায়দার আলী ৩২ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন।
১০ ওভারে ৪৭ রান থাকা নোয়াখালী শেষ দশ ওভারে করেছে ১২৬ রান।











































