শামিম শিকদার।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা। আনুষ্ঠানিকভাবে এখনো প্রচার–প্রচারণার সময়সূচি শুরু না হলেও নির্বাচনী মাঠ যে নীরব নেই, তার স্পষ্ট ইঙ্গিত মিলছে নগর ও গ্রামাঞ্চলের অলিগলিতে। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো প্রকাশ্য সভা–সমাবেশের বাইরে নানা কৌশলে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। এর মধ্যেই প্রচারণার ক্ষেত্রে ভিন্ন ও অভিনব কৌশল নিয়ে আলোচনায় এসেছে একটি ইসলামী রাজনৈতিক দল।
খুলনাসহ বিভিন্ন নগরীর ব্যস্ত সড়ক, বাজার ও পাড়া-মহল্লায় দেখা যাচ্ছে-রিকশাচালক, ইজিবাইক চালক, ভ্রাম্যমান হকার ও সবজি বিক্রেতাদের কণ্ঠে একই ধরনের বক্তব্য। যাত্রী উঠানো বা পণ্য বিক্রির ফাঁকে ফাঁকে তাঁরা বলছেন, “দুই দলতো দেখলাম-এবার জামায়াতকে দেখতে চাই।” এই একটি বাক্যই যেন তাঁদের প্রচারণার মূল স্লোগানে পরিণত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসব মানুষ সরাসরি কোনো পোস্টার, ব্যানার বা লিফলেট ব্যবহার করছেন না। বরং দৈনন্দিন কথোপকথনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন ও কৌতূহল তৈরি করাই এই কৌশলের মূল লক্ষ্য। বাজারে সবজি কিনতে আসা ক্রেতা, রিকশায় ওঠা যাত্রী কিংবা ইজিবাইকে যাতায়াতকারী সাধারণ মানুষ-সবার সঙ্গেই স্বাভাবিক আলাপচারিতার ছলে নির্বাচনী প্রসঙ্গ টেনে আনা হচ্ছে।
নগরীর একটি বাজারে সবজি কিনতে আসা ক্রেতা রবিউল ইসলাম বলেন, “হঠাৎ করে দেখি অনেকেই একই কথা বলছে। কোনো পোস্টার নাই, মাইক নাই-তবু কথার মধ্যেই রাজনীতির কথা ঢুকে যাচ্ছে।” তাঁর মতে, এটি প্রচারের এক নতুন ধরন, যা নজর এড়ানো হলেও মানুষের কানে পৌঁছাচ্ছে।
রিকশাচালক আব্দুল কাদের বলেন, “আমরা তো সারাদিন মানুষের সঙ্গে কথা বলি। কেউ জিজ্ঞেস করলে বলি-অনেক দল দেখছি, এবার অন্যদেরও দেখা দরকার।” তিনি দাবি করেন, এটি তাঁদের ব্যক্তিগত মতামত হিসেবেই বলা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রকাশ্য প্রচার শুরু হওয়ার আগমুহূর্তে এ ধরনের ‘নীরব প্রচারণা’ নতুন নয়, তবে এবার তা আরও সংগঠিতভাবে চোখে পড়ছে।
একজন বিশ্লেষক বলেন, “যখন আনুষ্ঠানিক প্রচারে বিধিনিষেধ থাকে, তখন দলগুলো বিকল্প পথে বার্তা পৌঁছানোর চেষ্টা করে। দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত মানুষদের মাধ্যমে প্রচারণা চালানো তুলনামূলক কম নজরকাড়া হলেও কার্যকর হতে পারে।”
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ইসলামী রাজনৈতিক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। দলটির স্থানীয় পর্যায়ের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মানুষ এখন পরিবর্তন নিয়ে কথা বলছে। আমরা বিশ্বাস করি, জনগণ নিজেরাই সিদ্ধান্ত নেবে।”
সব মিলিয়ে, প্রকাশ্যে প্রচার শুরু না হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাঠের রাজনীতি যে ক্রমেই সক্রিয় হয়ে উঠছে, এই ভিন্ন কৌশলের প্রচারণা তারই একটি ইঙ্গিত। সামনে আনুষ্ঠানিক প্রচার শুরু হলে নির্বাচনী মাঠে কৌশলগত প্রতিযোগিতা আরও স্পষ্ট হয়ে উঠবে-এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।











































