Home Lead ঝুলন্ত মরদেহ উদ্ধার, পলাতক সন্দেহভাজন বরাত: খুলনায় নারীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

ঝুলন্ত মরদেহ উদ্ধার, পলাতক সন্দেহভাজন বরাত: খুলনায় নারীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

99


স্টাফ রিপোর্টার।।


খুলনা নগরীর পূর্ব বানিয়াখামারের কাস্টম গলি থেকে মরিয়ম (৪০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে বরাত নামের এক যুবক। স্থানীয়দের অভিযোগ, নিহত মরিয়মের সঙ্গে দীর্ঘদিনের সখ্যতা ও টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করেই এই মৃত্যুর রহস্য ঘনীভূত হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। নিহত মরিয়ম নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে। তিনি এক কন্যাসন্তানের জননী।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিরালা মোড়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মরিয়ম। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতভর আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িতে খোঁজ নেওয়া হলেও কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার দুপুরে পূর্ব বানিয়াখামার এলাকায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মরিয়মের পরিচয় নিশ্চিত করেন। নিহতের মা পারুল বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়ের একটা ছোট বাচ্চা আছে। বিকেলে বের হয়ে আর ফিরে আসেনি। সারা রাত খোঁজ করেছি। সকালে জানতে পারি সে আর বেঁচে নেই।”

বরাতের সঙ্গে সখ্যতা ও টাকা লেনদেনের অভিযোগ: স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, যে বাড়ির গাছে ঝুলন্ত মরদেহটি পাওয়া গেছে, সেই বাড়ির মালিক সুমনের ছোট ভাই বরাতের সঙ্গে মরিয়মের যাতায়াত ছিল। এলাকাবাসীর দাবি, মাদকের সূত্র ধরেই বরাতের সঙ্গে মরিয়মের পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। এই সখ্যতার সুযোগে বরাত মরিয়মের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার নেন। স্থানীয়দের অভিযোগ, টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বরাত ও মরিয়মের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এর কিছু সময় পরই এলাকাবাসী গাছের ডালে মরিয়মের ঝুলন্ত মরদেহ দেখতে পান। আরও অভিযোগ করা হয়, মরদেহ উদ্ধারের পর থেকেই বরাত এলাকায় নেই। ঘটনার পরপরই তিনি আত্মগোপনে চলে গেছেন বলে দাবি স্থানীয়দের। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

তদন্তে পিবিআই ও সিআইডি: কেএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার গুরুত্ব বিবেচনায় পিবিআই ও সিআইডি ছায়াতদন্ত শুরু করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এটি আত্মহত্যা না কি এর পেছনে অন্য কোনো অপরাধ রয়েছে, তা নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সন্দেহভাজনদের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে।

প্রশ্নের মুখে মৃত্যু: একজন নারীর নিখোঁজের পর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ঝগড়া, টাকা-পয়সার বিরোধ এবং একজন সংশ্লিষ্ট ব্যক্তির হঠাৎ আত্মগোপন—সব মিলিয়ে মরিয়মের মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। এটি নিছক আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো অপরাধ লুকিয়ে আছে—সে উত্তর এখন তদন্তের ওপরই নির্ভর করছে। এদিকে মরিয়মের কন্যাসন্তান ও পরিবার দ্রুত সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছে।