Home খেলাধুলা আলবাসেতের কাছে অঘটনের শিকার হয়ে রিয়ালের বিদায়

আলবাসেতের কাছে অঘটনের শিকার হয়ে রিয়ালের বিদায়

6


স্পোর্টস ডেস্ক।।


বদলি ফরোয়ার্ড জেফতে বেতানকরের জোড়া গোলে দ্বিতীয় স্তরের ক্লাব আলবাসেতে নাটকীয় ৩-২ ব্যবধানে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে হারিয়েছে। বুধবার রাতে আলভারো আরবেলোয়ার কোচ হিসেবে অভিষেক ম্যাচেই রাউন্ড অব ১৬-এ কোপা দেল রে থেকে ছিটকে গেল রিয়াল।

কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে কুয়াশাচ্ছন্ন রাতে ১৭ হাজার দর্শকের উচ্ছ্বাসে বিদ্যুৎঝলমলে পরিবেশ তৈরি হয়। সপ্তাহের শুরুতেই কোচ জাবি আলোনসোকে বরখাস্ত করার পর ইউরোপিয়ান শক্তিধরদের বিপক্ষে এই অঘটন ঘটায় আলবাসেতে।

সাবেক রিয়াল ডিফেন্ডার আরবেলোয়া দায়িত্ব নেওয়ার পর মূলত দ্বিতীয় সারির দল নামান। ফলে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে রিয়াল নিজেদের ছন্দে আনতে পারেনি। ম্যাচের বড় অংশ জুড়ে থাকা ঘন কুয়াশাও নাটকীয়তা বাড়ায়।

কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও রদ্রিগোর মতো তারকারা ছিলেন অনুপস্থিত; খেলেননি থিবো কর্তোয়া ও অরেলিয়েন চুয়ামেনিও। আরবেলোয়া কাস্তিয়া রিজার্ভ থেকে ডান ব্যাক ডেভিড হিমেনেজ ও মিডফিল্ডার হোর্হে সেস্তেরোকে দলে নেন এবং আক্রমণের মূল ভরসা হিসেবে ভিনিসিয়ুস জুনিয়রকে রাখেন।

তবে ম্যাচ শুরুর আগেই দুঃখজনক ঘটনা ঘটে—স্টেডিয়ামের বাইরে ভিনিসিয়ুসকে লক্ষ্য করে বর্ণবাদী স্লোগান দেন কিছু দর্শক। খেলা শুরু হলে ব্রাজিলিয়ান তারকা পুরো ম্যাচজুড়েই দুয়োধ্বনি শুনতে থাকেন এবং বাঁ প্রান্তে ডাবল ও ট্রিপল মার্কিংয়ের মুখে প্রভাব ফেলতে ব্যর্থ হন।

৪২তম মিনিটে চাপের ধারাবাহিকতায় এগিয়ে যায় আলবেসেতে। হোসে লাসোর নেওয়া কর্নারে নিকট পোস্টে সবার ওপরে উঠে হেড করে গোল করেন ডিফেন্ডার হাভিয়ের ভিয়ার-গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

তবে বিরতির ঠিক আগে সমতা ফেরায় রিয়াল। ভিনিসিয়ুসের জিতে নেওয়া কর্নার থেকে আরদা গুলেরের ক্রসে ডিন হুইজেনের হেড প্রথমে দারুণভাবে ঠেকান গোলকিপার রাউল লিজোয়াঁ। ফিরতি বল পেয়ে ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো জোরালো শটে জাল কাঁপান—১–১।

বিরতির পর বলের দখল রিয়ালের হলেও আলবেসেতের সুশৃঙ্খল পাঁচ জনের রক্ষণ ভাঙতে হিমশিম খেতে হয়। পাল্টা আক্রমণে হুমকি জারি রাখে স্বাগতিকরা। ৭০তম মিনিটে কাছ থেকে হেড করে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন রিয়ালের গনসালো গার্সিয়া।

৮২তম মিনিটে আবার এগিয়ে যায় আলবেসেতে। বদলি আগুস মেদিনার দূরপাল্লার শট লুনিন দুর্দান্তভাবে ঠেকালেও কর্নার থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় রিয়ালের রক্ষণ। সুযোগ পেয়ে দূর পোস্টে বিষাক্ত শটে গোল করেন বেতানকর ২-১।

স্টপেজ টাইমে গুলেরের ক্রসে গনসালোর উঁচু হেডে ২-২ সমতা আনে রিয়াল। কিন্তু শেষ মুহূর্তে জয়ের খোঁজে উঠে গিয়ে রক্ষণ ফাঁকা রাখে তারা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে কাউন্টার-অ্যাটাকে ছুটে যান জেফতে। প্রথম শট কারভাহালের ব্লকে ঠেকলেও রিবাউন্ড কুড়িয়ে নিয়ে ডান পায়ের নিখুঁত শটে টপ কর্নারে বল পাঠিয়ে ইতিহাস গড়েন তিনি-৩-২।

ম্যাচ শেষে রিয়াল অধিনায়ক দানি কারভাহাল বলেন, ‘আমরা একেবারে তলানিতে পৌঁছেছি; দ্বিতীয় ডিভিশনের দলের কাছে নকআউট হয়েছি। হার মানলে সত্যটা মেনে নিতেই হয়। শেষ পর্যন্ত দায়টা আমাদের খেলোয়াড়দেরই।’