স্পোর্টস ডেস্ক।।
আফ্রিকা কাপ অব নেশন্সের সেমিফাইনালে সাদিও মানে ফুলটাইমের ১২ মিনিট আগে দুর্দান্ত এক গোলে সেনেগালকে ফাইনালে তুলেছেন। টানটান উত্তেজনার ম্যাচে মিসরকে ১-০ ব্যবধানে হারিয়ে শেষ দুইয়ে জায়গা করে নেয় সেনেগাল।
পুরো ম্যাচজুড়েই সেনেগালের আধিপত্য ছিল এবং এই জয় তাদেরই প্রাপ্য বলা যায়। মিসর গোলের দিকে কোনো শট নিতে পারেনি, এমনকি গোল হজমের আগে একটি কর্নার আদায় করতেও ব্যর্থ হয়।
তবে শক্ত সংগঠিত মিসরীয় রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয় সেনেগালকে। শেষ পর্যন্ত ভাগ্যগুণে পাওয়া একটি ডিফ্লেকশন মানের সুযোগ তৈরি করে দেয়।
বক্সের বাইরে থেকে মানের নেওয়া শটটি ছিল ম্যাচ জেতানোর মতোই নিখুঁত। সেই গোলেই ফাইনালের টিকিট নিশ্চিত করে সেনেগাল। রোববারের ফাইনালে তারা মুখোমুখি হবে স্বাগতিক মরক্কোর।











































